ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় শ্রমিকদের সংশোধিত মজুরি কমিশন বাস্তবায়নসহ ৩ দফা দাবিতে গতকাল রোববার সকালে শ্রমিক-কর্মচারীরা কারখানার প্রধান গেট অবরোধ করে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছেন। এ সময় কারখানার ভেতর কোনো কর্মচারী-কর্মকর্তাকে প্রবেশ করতে দেওয়া হয়নি এবং ডিলারদের মধ্যে দুই ঘণ্টা সার সরবরাহও বন্ধ থাকে।ভোর থেকেই শ্রমিক-কর্মচারীরা কারখানার প্রধান গেটের সামনে সমবেত হন এবং সকাল আটটায় কারখানার প্রধান গেটে তালা লাগিয়ে দেন। পরে কারখানার প্রধান গেটে সব শ্রমিক-কর্মচারী অবস্থান নিয়ে সমাবেশ শুরু করেন। ১০টা পর্যন্ত চলে তাঁদের এ সমাবেশ। সিবিএর সভাপতি মো. সোহরাব হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন সিবিএর সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন, সহসভাপতি আবদুল মালেক, সাইফুদ্দিন ফারুকী, আমিনুল ইসলাম খন্দকার, আছফার উদ্দিন, জাহিদ হোসেন সিকদার প্রমুখ। পরে একটি বিক্ষোভ মিছিল কারখানার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়।শ্রমিকদের ৩ দফা দাবির মধ্যে রয়েছে, অবিলম্বে কারখানায় শ্রমিক-কর্মচারীদের সংশোধিত মজুরি কমিশন বাস্তবায়ন, চার বছরের লভ্যাংশ প্রদান এবং সব অডিট আপত্তি দ্রুত নিষ্পত্তি। বক্তারা বলেন, অবিলম্বে কারখানায় শ্রমিক-কর্মচারীদের সংশোধিত মজুরি কমিশন বাস্তবায়নসহ ৩ দফা দাবি মেনে নিতে হবে। অন্যথায় দাবি আদায়ের জন্য কঠোর আন্দোলনের কর্মসূচি হিসেবে কারখানার উৎপাদন বন্ধ করে দেওয়া হুমকি দেন তাঁরা।