আশুগঞ্জ সার কারখানায় আবারও উৎপাদন বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার ইউরিয়া প্লান্টে যান্ত্রিক সমস্যার কারণে গতকাল বৃহস্পতিবার আবারও উৎপাদন বন্ধ হয়ে গেছে। এতে প্রতিদিন এক হাজার ৪০০ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন ব্যাহত হবে।কারখানার প্রকৌশল বিভাগ সূত্র জানায়, গতকাল ভোর চারটার দিকে ইউরিয়া প্লান্টে সমস্যা দেখা দেয়। প্রকৌশলীরা ত্রুটি চিহ্নিত করে সমাধান করার আগেই উৎপাদন বন্ধ হয়ে যায়।এর আগে গত শনিবার ইউরিয়া প্লান্টে ত্রুটির কারণে উৎপাদন বন্ধ হয়ে গিয়েছিল। কারখানার নিজস্ব প্রকৌশলীরা সেই ত্রুটি সারিয়ে তোলার পর গত মঙ্গলবার থেকে উৎপাদন শুরু হয়। কিন্তু গতকাল থেকে আবারও উৎপাদন বন্ধ রয়েছে।কারখানার ব্যবস্থাপনা পরিচালক উসমান গণি প্রথম আলোকে জানান, উৎপাদন বন্ধের পর স্থানীয় প্রকৌশলীরা মেরামতের কাজ শুরু করেছেন। কাজ শেষ হতে সাত-আট দিন সময় লাগতে পারে। তিনি বলেন, বর্তমানে কারখানায় প্রায় এক লাখ ৬০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার মজুদ থাকায় সার-সংকটের সম্ভাবনা নেই।