ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার উৎপাদন বন্ধ হয়ে গেছে। কারখানার নিজস্ব বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে (পাওয়ার প্ল্যান্ট) সমস্যা দেখা দিলে গতকাল শুক্রবার থেকে এই উৎপাদনে বিপর্যয় ঘটে। এই নিয়ে বিগত দুই মাসের ব্যবধানে আশুগঞ্জ সার কারখানায় তৃতীয়বারের মতো উৎপাদন বন্ধের ঘটনা ঘটল।কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিদিন আড়াই কোটি টাকা মূল্যমানের প্রায় এক হাজার ৪০০ মেট্রিক টন ইউরিয়া উৎপাদন ব্যাহত হবে। কারখানার কারিগরি বিভাগ সূত্র জানায়, প্রতিদিনের মতো গতকালও স্বাভাবিক প্রক্রিয়ায় সার উৎপাদিত হচ্ছিল। বেলা ১১টার দিকে কারখানার নিজস্ব পাওয়ার প্ল্যান্টে সমস্যা দেখা দিলে কিছুক্ষণের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে বিদ্যুৎ সঞ্চালন-প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। ফলে ইউরিয়া উৎপাদনও বন্ধ হয়ে যায়।কারখানার বিক্রয় বিভাগ সূত্র জানায়, চলতি অর্থবছরে চার লাখ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থা (বিসিআইসি)। তিনবার বন্ধ হয়ে যাওয়ায় উৎপাদন ক্ষতি হয়েছে ৩০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার। বর্তমানে কারখানায় ৬৬ হাজার মেট্রিক টন ইউরিয়া সার মজুদ রয়েছে। তাই এখনই সারসংকটের আশঙ্কা নেই।