আশুগঞ্জ সার কারখানায় ১৯ দফা দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মজুরি কমিশন ঘোষণাসহ ১৯ দফা দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় গতকাল রোববার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে শ্রমিক-কর্মচারীরা। এ কারণে সকাল আটটা থেকে ১০টা পর্যন্ত কারখানার প্রধান ফটক দিয়ে সার পরিবহনের জন্য কোনো ধরনের যান ভেতরে যেতে পারেনি।শ্রমিক কর্মচারী ইউনিয়নের (সিবিএ) উদ্যোগে কারখানার প্রধান ফটকের সামনে আয়োজিত প্রতিবাদ সমাবেশে সিবিএর সভাপতি মোজাম্মেল হক খন্দকার সভাপতিত্ব করেন। তিনি বলেন, ১৯ দফা দাবি দ্রুত বাস্তবায়ন করতে হবে। এক সপ্তাহের মধ্যে দাবি বাস্তবায়ন করা না হলে পরবর্তী সময়ে কারখানার উৎপাদন বন্ধসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে। সমাবেশে কেন্দ্রীয় শ্রমিক ফেডারেশনের সিনিয়র সহসভাপতি ফরিদ উদ্দিন আহাম্মেদ, স্থানীয় সিবিএর সহসভাপতি সাইফুদ্দিন ফারুকী প্রমুখ বক্তব্য দেন। ১৯ দফা দাবিতে শ্রমিক-কর্মচারীরা গত ২৪ অক্টোবর থেকে আন্দোলনে নামে।