আশুগঞ্জ ৪৫০ মেগাওয়াট প্ল্যান্ট উদ্বোধন
দেশের অন্যতম ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রে নবনির্মিত ‘আশুগঞ্জ ৪৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বুধবার বেলা পৌনে একটার দিকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এ প্ল্যান্ট উদ্বোধন করেন।
নতুন এই পাওয়ার প্ল্যান্টের উদ্বোধনের মধ্য দিয়ে আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের বিদ্যমান ১০টি ইউনিটের উৎপাদনক্ষমতা বেড়ে দেড় হাজার মেগাওয়াট হয়েছে।
উদ্বোধন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে মতবিনিময় সভার আয়োজন করা হয়। ওই মতবিনিময় সভায় ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সাংসদ ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সাংসদ জিয়াউল হক মৃধা, সংরক্ষিত নারী আসনের সাংসদ ফজিলাতুন নেছা, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল আলম, জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, পুলিশ সুপার মিজানুর রহমান, আশুগঞ্জ তাপবিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক এম এম সাজ্জাদুর রহমান, প্রকল্প পরিচালক আবদুস সামাদ, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান।