আশুগঞ্জে অবৈধভাবে বালু তোলায় খননযন্ত্র জব্দ, চালক আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় মেঘনা নদীর তীরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের জায়গা থেকে অবৈধভাবে বালু তোলায় একটি খননযন্ত্র জব্দ ও এর চালককে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিউলি আক্তার এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। সহকারী কমিশনার (ভূমি) জানান, খবর পেয়ে মেঘনা তীরবর্তী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের জায়গায় পুলিশ নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় দেখা যায়, একটি খননযন্ত্রের মাধ্যমে সেখান থেকে বালু তোলা হচ্ছে। অবৈধভাবে বালু তোলার কাজে ব্যবহূত একটি খননযন্ত্র জব্দ ও এর চালক সুমন মিয়াকে আটক করা হয়। সুমনকে থানায় সোপর্দ করা হয়েছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, মেঘনা তীরবর্তী কেপিআইভুক্ত জায়গায় বালু উত্তোলনে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। নিষেধাজ্ঞা উপেক্ষা করে বালু তোলা হচ্ছিল।