আশুগঞ্জে অভ্যন্তরীণ কনটেইনার নৌবন্দর প্রকল্পে অনিশ্চয়তা!
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে প্রস্তাবিত দ্বিতীয় রেলসেতু ও সার কারখানার কারণে ৬০০ কোটি টাকা ব্যয়ে অভ্যন্তরীণ কনটেইনার নৌবন্দর (আইসিটি) স্থাপন প্রকল্পটি অনিশ্চয়তার মধ্যে পড়েছে। প্রকল্পটি ভেস্তে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জটিলতা নিরসনে গতকাল শনিবার দুপুরে আশুগঞ্জ নদীবন্দরের দক্ষিণ পাশের খাদ্যগুদামসংলগ্ন প্রকল্পের জায়গা পরিদর্শন করেছে সাতটি আন্তমন্ত্রণালয়ের প্রতিনিধিদল। এ সময় অন্যান্যের মধ্যে নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও প্রকল্পের আহ্বায়ক মো. আলাউদ্দিন এবং উপসচিব ও প্রকল্পের সদস্যসচিব মো. শহীদুল ইসলাম, বিআইডব্লিউটিএর পরিচালক মাহমুদ হাসান, শিল্প মন্ত্র্রণালয়ের উপসচিব জিয়াউর রহমান খান, রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা আহমাদুল হক, আশুগঞ্জ সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন আহমেদ ও খাদ্য অধিদপ্তরের পরিচালক শেখ জাকির হোসেন, জেলা প্রশাসক মো. খলিলুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রায় ২৯ একর জায়গায় আইসিটি স্থাপন হওয়ার কথা। এর মধ্যে ১৭ একর জায়গা জনসাধারণের এবং বাকি ১২ একর জায়গা আশুগঞ্জ সার কারখানা, খাদ্যগুদাম ও রেলওয়ের। রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা আহমাদুল হক বলেন, আইসিটির জন্য প্রস্তাবিত ২৯ একর জায়গার মধ্যে রেলওয়ের জায়গার পরিমাণ ৩ দশমিক ৮৫ একর। দ্বিতীয় রেলসেতুর জন্য সেখানে স্টেক নির্মাণে অনেক জায়গার প্রয়োজন। তাই আপাতত ওই জমি দেওয়া যাচ্ছে না। আশুগঞ্জ সার কারখানার মহাব্যবস্থাপক (প্রশাসন) আনোয়ার হোসেন বলেন, ‘ওই প্রকল্পে আমাদের জায়গার পরিমাণ ৩ দশমিক ১৯ একর। সার কারখানার ট্রাক ইয়ার্ড সম্প্রসারণ কাজ ও সরকারের দ্বিতীয় কারখানা নির্মাণ হলে আমাদের এই পরিমাণ জায়গা ছেড়ে দেওয়া সম্ভব হবে না।’ প্রকল্পের সদস্যসচিব ও নৌপরিবহন মন্ত্রণালয়ের উপসচিব শহীদুল ইসলাম বলেন, এ ব্যাপারে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সঙ্গে আলাপ-আলোচনা চলছে। জায়গা তো সবই সরকারের। জায়গা নিয়ে কোনো সমস্যা হবে না।