ব্রাক্ষণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার তালশহর গ্রামে গতকাল শুক্রবার দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৫৫ জন আহত হয়েছে। আধিপত্য বিস্তার নিয়ে তালশহর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু শামা এবং ওই ইউপির সদস্য (মেম্বার) শহীদ মিয়ার সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ হয়।আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর প্রথম আলোকে বলেন, ওই এলাকায় দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় পুলিশ মামলা করবে। স্থানীয় বিভিন্ন সূত্র জানায়, তালশহর বাজারের কয়েকটি দোকানের মালিকানা নিয়ে চেয়ারম্যান আবু শামার সঙ্গে স্থানীয় নিয়াজ, ফরিদ, শিশু মিয়া ও শহীদ মিয়ার দ্বন্দ্ব চলছিল। এ ছাড়া আগামী ইউপি নির্বাচন কেন্দ্র করে আধিপত্য বিস্তার নিয়ে সম্প্রতি দুই পক্ষের দ্বন্দ্ব চরমে ওঠে। এসব ঘটনার জের ধরে গতকাল সকাল নয়টার দিকে তালশহর গ্রামে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। এ সময় ছররা গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যাপক লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে আমির হোসেন, রোকন উদ্দিন, আসাদ, হারুন, মানিক, গোলাপ, জয়নাল, রাসেল, আল আমিন, হূদয়, আবু কালাম, ফিরোজ, জাকির হোসেন, ফায়েজুর, সানি, ইসহাক ও শাহিনসহ অন্তত ৫৫ জন আহত হন। ব্রাহ্মণবাড়িয়ার ভারপ্রাপ্ত সিভিল সার্জন আবু সায়িদ জানান, সদর হাসপাতালে আটজনকে ভর্তি করা হয়েছে। ৩৪ জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। শহীদ মিয়া অভিযোগ করে বলেন, ‘চেয়ারম্যান আবু শামা তালশহর বাজারের ১১টি দোকান দখল করে নেন। এই অনৈতিক কাজে সমর্থন না দেওয়ায় চেয়ারম্যান প্রকাশ্যে আমার সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েন। গতকাল তাঁর সমর্থকেরা বিভিন্ন অস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিতে আমার লোকজনের ওপর হামলা চালায়।’ তিনি দাবি করেন, সংঘর্ষে তাঁর পক্ষের ১৫ থেকে ২০ জন গুলিবিদ্ধ হয়। ধারালো অস্ত্রের আঘাতে অনেকেই আহত হয়েছে। জবাবে চেয়ারম্যান আবু শামা বলেন, দোকানগুলোর মালিকানার বিষয়ে আদালত আমাদের পক্ষে রায় দিয়েছেন। তিনি অভিযোগ করেন, তাঁরা জানে নির্বাচনে আমাকে পরাজিত করা যাবে না। তাই দোকান দখলের কথা বলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে নেমেছে। চেয়ারম্যান দাবি করেন, শহীদ মিয়ার সমর্থকেরা কোনো কারণ ছাড়াই অতর্কিতভাবে তাঁর সমর্থকদের ওপর হামলা চালায়। হামলায় তাঁর পক্ষে দুজন গুলিবিদ্ধ হয়। গত ৬ জুলাই এ দুই পক্ষের সংঘর্ষে ২৫ জন আহত হয়। এ ঘটনায় পাল্টাপাল্টি পাঁচটি মামলা হয়।