আশুগঞ্জে উপজেলা চেয়ারম্যান আর ইউএনও যা করলেন
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমানের হাতে কামরুল ইসলাম নামের এক ব্যক্তি মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। কামরুল ইসলাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলামের পিয়ন। ইউএনও ও তাঁর পিয়নের হাতে এক ভ্যানচালক লাঞ্ছিত হওয়ার পর ওই মারধরের ঘটনা ঘটে বলে জানা গেছে। গতকাল বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। জানা গেছে, কিছুদিন আগে সরকার থেকে বরাদ্দ পাওয়া নতুন গাড়িতে করে গতকাল দুপুর ১২টার দিকে ইউএনও পিয়নকে সঙ্গে নিয়ে বাজারে যাচ্ছিলেন। উপজেলার আলমনগর এলাকায় টিনবোঝাই একটি ভ্যানের সঙ্গে ইউএনওর গাড়ির সামান্য ধাক্কা লাগে। এতে ভ্যানের আঁচড়ে গাড়ির এক পাশ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। ক্ষুব্ধ ইউএনওর নির্দেশে পিয়ন ভ্যানচালক সুমন মিয়াকে (৩০) ঘটনাস্থলেই কয়েকটি থাপড় দিয়ে গাড়িতে উঠিয়ে উপজেলা পরিষদে নিয়ে আসেন। অফিসে ইউএনও ওই ভ্যানচালককে ফের থাপড় দেন। পরে ভ্যানের মালিক কাওসার মিয়া স্থানীয় লোকজনের সহায়তায় সুমনকে ছাড়িয়ে নেন। ঘটনাটি জানতে পেরে দুপুর দুইটার দিকে উপজেলা চেয়ারম্যান ইউএনওর পিয়ন কামরুলকে তাঁর অফিস কক্ষে ডেকে আনেন। পরে তিনি তাঁকে পেটান। কামরুল ইসলাম সাংবাদিকদের জানান, ‘স্যার (উপজেলা চেয়ারম্যান) আমাকে ডাকার সঙ্গে সঙ্গে তাঁর অফিস কক্ষে যাই। আমাকে দেখেই স্যার খেপে গিয়ে মারতে থাকেন। কেন আমাকে মারছেন, প্রথমে বুঝতে না পারলেও পরে বিষয়টি পরিষ্কার হয়।’ইউএনও সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘দায়িত্বহীন আচরণের কারণে ভ্যানচালককে অফিসে নিয়ে আসি। পরে আবার ছেড়েও দিই। এর মাঝে কিছু হলে আমার সঙ্গে হয়েছে। কিন্তু চেয়ারম্যান সাহেব আমাকে কিছু না বলে পিয়নকে কেন মারলেন, তা বুঝতে পারছি না।’ তিনি ভ্যানচালককে মারধরের কথা অস্বীকার করেন।এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান প্রথম আলোকে বলেন, ‘হয়তো ভ্যানের ধাক্কায় গাড়ি একটু ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই বলে ভ্যানচালককে একজন সরকারি কর্মকর্তা পিয়নকে সঙ্গে নিয়ে পেটাতে পারেন না। একজন জনপ্রতিনিধি হিসেবে বিষয়টি মেনে নিতে পারিনি। এ কারণে পিয়নকে ঢেকে এনে সামান্য বকাঝকা করেছি।’