আশুগঞ্জে একই রাতে ৩ বাড়িতে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার তলাগ্রামে একই রাতে তিনটি বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। গত বৃহস্পতিবার রাতে ডাকাতির ঘটনাটি ঘটে।ডাকাতদল অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ টাকাসহ প্রায় ৫০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় ডাকাতের ছুরিকাঘাতে গৃহকর্তাসহ পাঁচজন আহত হয়েছে।পুলিশ ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পারিবারিক সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার গভীর রাতে ৩০-৪০ জনের সশস্ত্র একটি ডাকাত দল উপজেলার তলাগ্রামের ব্যবসায়ী মো. ফারুক মিয়ার বাড়িতে হামলা চালিয়ে বাড়ির কলাপসিবল গেট ভেঙে ঘরের ভেতর প্রবেশ করে। ডাকাতদল প্রথমে বাড়ির গৃহকর্তা হাজী ফারুক মিয়া ও তাঁর তিন ছেলেকে বেঁধে ফেলে। পরে তাঁদের কাছ থেকে চাবি নিয়ে আলমারিতে রাখা ৪০ ভরি স্বর্ণালংকার ও নগদ তিন লাখ টাকা লুট করে নেয়।একই কায়দায় পার্শ্ববর্তী বাড়ির জোনায়েদ মিয়ার ঘরে প্রবেশ করে তাঁর আলমারিতে রাখা নগদ আড়াই লাখ টাকা, পাশের বাড়ির মগল মিয়ার বাড়ির খুরশেদ মিয়ার কাছ থেকে নগদ ২০ হাজার টাকা ও ১১টি মোবাইল সেটসহ প্রায় অর্ধ কোটি টাকার মালামাল লুট করে নিয়ে যায়।