ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নতুন বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করতে জমি অধিগ্রহণের সরকারি উদ্যোগের প্রতিবাদে আবারও বিক্ষোভ ও সমাবেশ হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার দুর্গাপুর ইউনিয়নের সোহাগপুর-বাহাদুরপুর গ্রামের কৃষকেরা গতকাল সোমবার এই কর্মসূচি পালন করেন। পরে জেলা প্রশাসককে একটি স্মারকলিপি দেন তাঁরা।সোহাগপুর কৃষক সংগ্রাম পরিষদের উদ্যোগে গতকাল সকালে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন কৃষকেরা। মিছিলটি আশুগঞ্জের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। এখানে পরিষদের সভাপতি ও জেলা আওয়ামী লীগের নেতা মো. ছফি উল্লাহ মিয়ার সভাপতিত্বে সমাবেশ হয়। এতে বক্তব্য দেন আজিজুর রহমান, সাজু খান, মিজানুর রহমান খান, খলিলুর রহমান প্রমুখ।বক্তারা বলেন, আশুগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের নিজস্ব জমি থাকার পরও বিদ্যুৎকেন্দ্র নির্মাণের নামে তাঁদের ১০০ একর তিনফসলি জমি অধিগ্রহণ করা হচ্ছে। এতে দুই গ্রামের তিন শতাধিক কৃষক সর্বহারা হবেন।বক্তারা সমাবেশে ঘোষণা দেন, সাধারণ কৃষকদের কৃষিজমি অধিগ্রহণ করে কোনোমতেই বিদ্যুৎকেন্দ্র করতে দেওয়া হবে না। প্রয়োজনে জীবন দিয়ে এই উদ্যোগ প্রতিহত করা হবে।এর আগে জমি অধিগ্রহণ উদ্যোগের প্রতিবাদে ২৬ ডিসেম্বরও বিক্ষোভ ও সমাবেশ করে কৃষক সংগ্রাম পরিষদ। ওই দিন জেলা প্রশাসক আবদুল মান্নান জানিয়েছিলেন, নতুন বিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রকল্প এখনো প্রাথমিক পর্যায়ে। সব দিক বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।