আশুগঞ্জে কেন্দ্রসচিবকে প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনিয়মের অভিযোগে গতকাল রোববার ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় আড়াইসিধা কে বি উচ্চবিদ্যালয়ে এসএসসি পরীক্ষার কেন্দ্রসচিব আশরাফ উদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে।
আশরাফ উদ্দিন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তাঁর বিরুদ্ধে কুমিল্লা শিক্ষা বোর্ডে লিখিত অভিযোগ পাঠিয়েছে উপজেলা প্রশাসন।
পরীক্ষা কেন্দ্র ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গতকাল এসএসসি পরীক্ষার গণিত বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। আড়াইসিধা কে বি উচ্চবিদ্যালয় কেন্দ্রে সচিবের দায়িত্বে ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফ উদ্দিন। গতকাল এসএসসি পরীক্ষা শুরু হওয়ার প্রায় এক ঘণ্টা আগে আশরাফ উদ্দিন গণিত বিষয়ের প্রশ্নপত্রের প্যাকেট খোলেন। সেখান থেকে একটি প্রশ্ন নিয়ে মুঠোফোনসহ ওই বিদ্যালয়ের শৌচাগারে যান তিনি। এ বিষয়ে কেন্দ্রের পরিদর্শকেরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিরুল কায়সারকে জানান। খবর পেয়ে ইউএনও ঘটনাস্থলে আসেন এবং এর সত্যতা পাওয়ায় আশরাফ উদ্দিনকে কেন্দ্রসচিবের পদ থেকে প্রত্যাহার করার নির্দেশ দেন।
এ বিষয়ে জানতে প্রধান শিক্ষক আশরাফ উদ্দিনের মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তিনি ধরেননি। ইউএনও আমিরুল কায়সার বলেন, ‘এ ঘটনায় এসএসসি পরীক্ষায় কোনো প্রভাব পড়েনি।’