আশুগঞ্জে গাড়ির ধাক্কায় বৃদ্ধের মৃত্যু, অবরোধ
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে আজ সোমবার সকালে একটি দুর্ঘটনাকে কেন্দ্র করে আড়াই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে ক্ষুব্ধ জনতা। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে দুই প্রান্তে তীব্র যানজটের সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শী ও সড়ক (হাইওয়ে) পুলিশ সূত্রে জানা গেছে, আশুগঞ্জ উপজেলার সোহাগপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে আজ সকাল সাতটার দিকে একটি ব্যক্তিগত গাড়ি একজন বৃদ্ধ পথচারীকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ওই বৃদ্ধ মারা যান। তাঁর নাম আবদুল মালেক (৭০)। তিনি আশুগঞ্জ উপজেলার সোহাগপুর গ্রামের বাসিন্দা।
এ ঘটনার পর স্থানীয় লোকজন সোহাগপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করে। এ সময় তারা গতিরোধকের দাবিতে স্লোগান দেয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসমাইল হোসেন ঘটনাস্থলে পৌঁছে দ্রুত গতিরোধক নির্মাণের প্রতিশ্রুতি দিলে সকাল ১০টার দিকে অবরোধ তুলে নেয় স্থানীয় জনতা।
অবরোধে অংশ নেওয়া কয়েকজন প্রথম আলো ডটকমকে জানান, গত কয়েক বছরে এই সড়কে দুর্ঘটনায় অন্তত ১৫ জন মারা গেছে। প্রতিটি দুর্ঘটনার পর কর্তৃপক্ষের কাছে গতিরোধক নির্মাণের দাবি জানানো হয়েছে। তবে কোনো কাজ হয়নি। এ কারণে বাধ্য হয়ে আজ সড়ক অবরোধ করা হয়েছে।
প্রথম আলো ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সরাইল বিশ্বরোড মোড় সড়ক (হাইওয়ে) পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সার্জেন্ট মো. হানিফ মিয়া।