আশুগঞ্জে গ্রামবাসীর দুই পক্ষের সংঘর্ষে আহত অর্ধশত
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে গতকাল রোববার এক গ্রামের দুই পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছে।এলাকাবাসী সূত্রের বিবরণ অনুযায়ী, চর-চারতলা গ্রামে আয়োজিত ওরসে তবারক বিতরণ নিয়ে গত শনিবার রাতে গ্রামের কেচকি বাড়ি ও আনু সরদারের বাড়ির ছেলেদের মধ্যে বাগিবতণ্ডা হয়। গতকাল সকালে কেচকি বাড়ির রুবেল ও হাকিম একই গ্রামে মুঠোফোনে টাকা ভরার একটি দোকানে গেলে তাদের মারধর করে আনু সরদারের বাড়ির মাহফুজ ও হূদয়। এর জের ধরে বেলা ১১টায় দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের অর্ধশত লোক আহত হয়। এ সময় ১০-১২টি ঘরে ভাঙচুর ও লুটতরাজ চালানো হয় বলে অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।মনির (১৮), শুক্কুর (১৮), রফিক (১৬), মো. ইসহাকসহ (১৯) গুরুতর আহতদের আশুগঞ্জ নূর মেডিকেল সেন্টারসহ বিভিন্ন বেসরকারি চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়েছে। অন্যরা ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল ও ভৈরব স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেয়।আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল কাদের সংঘর্ষের ঘটনার সত্যতা নিশ্চিত করে গতকাল বিকেলে জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।