আশুগঞ্জে চার বছরের শিশু ধর্ষণের শিকার?
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় চার বছরের শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার বেলা দুইটার দিকে আশুগঞ্জ উপজেলার আলমনগর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক বালককে (১৩) আটক করা হয়েছে।
ওই বালকের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার উত্তর পৈরতলা গ্রামে। সে ও তার পরিবারের সদস্যরা আশুগঞ্জের আলমনগরে একটি বাড়িতে ভাড়া থাকে।
এলাকাবাসীর অনেকে জানান, বালকটির এক বোন ওই শিশুটির সঙ্গে প্রায়ই খেলাধুলা করে। ওই কিশোরের মা গৃহপরিচারিকার কাজ করেন। গতকাল দুপুরে বালকের মা বাড়িতে ছিলেন না। দুপুরে শিশুটি বালকের বোনের সঙ্গে খেলাধুলা করতে তাদের বাড়িতে যায়। বালক চকলেট দেওয়ার কথা বলে শিশুটিকে পাশের ঘরে নিয়ে যায়। একপর্যায়ে শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন গিয়ে তাকে উদ্ধার করেন এবং বালকটিকে আটক করে মারধর করেন।
খবর পেয়ে ইউএনও লোক পাঠিয়ে ওই শিশু এবং অভিযুক্ত বালককে উপজেলা কার্যালয়ে নিয়ে আসেন। ইউএনও স্বন্দিপ সিংহ বলেন, বালকটিকে আশুগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে। শিশুটি ধর্ষণের শিকার হয়েছে কি না, ডাক্তারি পরীক্ষার পর জানা যাবে।
আশুগঞ্জ থানার ওসি আবু জাফর জানান, এ ব্যাপারে শিশুটির বাবা মামলা করেছেন।