আশুগঞ্জে চালকল শ্রমিকদের বিক্ষোভ কর্মবিরতির হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মজুরি বৃদ্ধিসহ ছয় দফা দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার চালকলের শ্রমিকেরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। গতকাল শনিবার বিকেলে চালকল শ্রমিক সংগ্রাম পরিষদের ডাকে এই মিছিল ও সমাবেশ করা হয়।স্থানীয় শ্রমকল্যাণ কেন্দ্রের মাঠ থেকে মিছিলটি বের হয়। এতে কয়েক হাজার শ্রমিক অংশ নেন। পরে শ্রমকল্যাণ কেন্দ্রের মাঠে সমাবেশ হয়।আশুগঞ্জ চালকল শ্রমিক সংগ্রাম পরিষদের আহ্বায়ক নুরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে শ্রমিকেরা বলেন, উপজেলায় ৩৫০টি চালকল রয়েছে। প্রায় ২০ হাজার শ্রমিক এসব কলে কাজ করেন। আশুগঞ্জ শিল্পসমৃদ্ধ হলেও ধান-চালের ব্যবসা অর্থনীতিতে বড় অবদান রেখে আসছে। সেটি আসছে চালকলের শ্রমিকদের ঘাম ঝরানো কষ্টে। কিন্তু বিনিময় খুবই নগণ্য। এই মজুরি দিয়ে সংসার চলে না। দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়ায় কষ্ট আরও বেড়েছে। এ অবস্থায় মজুরি না বাড়ালে এই পেশায় থাকা সম্ভব হবে না।সমাবেশ থেকে বাজারদরের সঙ্গে সংগতি রেখে মজুরি নির্ধারণ, নিয়োগপত্র প্রদান, স্বাস্থ্যসম্মত বাসস্থান, নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ভাতা প্রদানসহ ছয় দফা দাবি জানানো হয়। আগামী মঙ্গলবারের মধ্যে ওই সব দাবি পূরণ না হলে পরদিন ২০ জুলাই থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির হুমকি দেওয়া হয় সমাবেশ থেকে।