ব্রাক্ষণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় বিদ্যালয়ে পড়ুয়া এক ছাত্রীকে উত্ত্যক্ত করা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়। ভাঙচুর করা হয়েছে ৩০টি ঘর। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার আড়াইসিধা ও পাঁচভিটা গ্রামের লোকজনের মধ্যে এই সংঘর্ষ বাধে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানায়, পাঁচভিটা গ্রামের শিপন মিয়ার নেতৃত্বে কয়েকজন যুবক কয়েক মাস ধরে আড়াইসিধা গ্রামের বিদ্যালয় পড়ুয়া এক ছাত্রীকে উত্ত্যক্ত করছে। মেয়েটির পরিবারের সদস্যরা বিষয়টি সমাধানের চেষ্টা করে ব্যর্থ হয়ে গ্রামের লোকজনকে জানায়। এ ব্যাপারে গ্রামের লোকজন পাঁচভিটার মাতব্বরদের জানালেও সমস্যার সমাধান হয়নি। জানা যায়, বুধবার শিপন ও তার বন্ধুরা ছাত্রীটিকে আবারও উত্ত্যক্ত করে। ওই দিন বিকেলে মেয়েটির বড় ভাই শিপনকে পেয়ে বকাঝকা করেন। এতে শিপন ক্ষুব্ধ হয়ে তাকে মারধর করে। এর জের ধরে আড়াইসিধা গ্রামের লোকজন গতকাল সকালে দেশীয় অস্ত্র নিয়ে পাঁচবাড়ী গ্রামে শিপন ও তার প্রতিবেশীদের বাড়িতে হামলা চালায়। একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই গ্রামের লোক। সংঘর্ষে আহত ব্যক্তিরা স্থানীয়ভাবে চিকিত্সা নিয়েছেন। আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর জানান, সংঘর্ষের ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। বখাটেদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।