আশুগঞ্জে জমি অধিগ্রহণ উদ্যোগের প্রতিবাদ
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নতুন বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করতে কৃষিজমি অধিগ্রহণের সরকারি উদ্যোগের প্রতিবাদে আবারও বিক্ষোভ ও সমাবেশ হয়েছে। গতকাল মঙ্গলবার এই কর্মসূচি পালিত হয়। জমি অধিগ্রহণের উদ্যোগে শঙ্কিত স্থানীয় কৃষক ও তাঁদের পরিবারের সদস্যরা উপজেলার সোহাগপুর মাদ্রাসার মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের করে। আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্র-সংলগ্ন আছিয়া সাফি উদ্দিন উচ্চবিদ্যালয় মাঠে গিয়ে মিছিলটি শেষ হয়। এর আগে ক্ষতিগ্রস্ত কৃষক সংগ্রাম পরিষদের উদ্যোগে মাদ্রাসার মাঠে সমাবেশ করা হয়। পরিষদের সভাপতি মো. ছফিউল্লাহ মিয়ার সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন আজিজুর রহমান জজ মিয়া, মো. দানা মিয়া, মাহবুবুর রহমান, মিজানুর রহমান খান, খলিলুর রহমান, সজীবুর রহমান প্রমুখ। সংগ্রাম পরিষদের নেতা আজিজুর রহমান জজ মিয়া বলেন, জমি অধিগ্রহণের সরকারি উদ্যোগের প্রতিবাদে আমরা আন্দোলন চালিয়ে আসছি। আন্দোলনের মুখে জেলা প্রশাসক ৯ জানুয়ারি আমাদের সঙ্গে সভা করে। তবে সভায় কোনো সমাধানে পৌঁছাতে না পারায় আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক আবদুল মান্নান সাংবাদিকদের বলেন, ‘আমি স্থানীয় নেতাদের সঙ্গে বৈঠক করেছি। সরেজমিন পরিদর্শনে যাব। এলাকাবাসীর স্বার্থ পরিপন্থী কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না বলে আশা করি।’আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের অধীনে নতুন একটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণে সোহাগপুর ও বাহাদুরপুর গ্রামের এক শ একর জমি অধিগ্রহণের উদ্যোগ নিয়েছে সরকার। এই জমি তিন ফসলি। এই জমিতে বিদ্যুৎকেন্দ্র হলে কৃষিজমি নষ্ট হবে। বহু কৃষক নিঃস্ব হবেন। অথচ আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র লাগোয়া প্রতিষ্ঠানটির নিজস্ব জমি রয়েছে।