আশুগঞ্জে জুয়ার আসর বন্ধের দাবিতে সমাবেশ
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা রেলস্টেশন-সংলগ্ন নাটাল চত্বর এলাকায় ‘আনন্দ মেলা’র নামে ১৫ দিন ধরে চলা জুয়ার আসর বন্ধের দাবিতে গতকাল সোমবার সমাবেশ করেছে এলাকাবাসী। সমাবেশে বক্তারা ২৪ ঘণ্টার মধ্যে সেখানে জুয়া খেলা বন্ধের দাবি জানিয়ে বলেছেন, অন্যথায় এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে জুয়ার আসর গুঁড়িয়ে দেবে এবং ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করবে। চরচারতলা গ্রামের আবদুর রউফের সভাপতিত্বে উপজেলা সদরের শ্রম কল্যাণ কেন্দ্র মাঠে গতকাল বিকেলে ওই সমাবেশে আশুগঞ্জের মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী, শিক্ষক-শিক্ষার্থী, সংস্কৃতিকর্মীসহ সর্বস্তরের জনতা অংশ নেয়। সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হানিফ মুন্সি, বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন, চরচারতলা ইউপির চেয়ারম্যান আইয়ুব খান, শিল্প ও বণিক সমিতির সভাপতি গোলাম হোসেন, আশুগঞ্জ সেক্টর কমান্ডর ফোরামের আহ্বায়ক শেখ জসিম উদ্দিন, মুক্তিযোদ্ধা হেলিম, শিক্ষক ঈশা খান ও সাংস্কৃতিক কর্মী শাহিন সিকদার উপস্থিত ছিলেন। পরে এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে এ ব্যাপারে স্মারকলিপি দেন। স্মারকলিপিতে মেলার নামে জুয়া খেলা আজ মঙ্গলবার বিকেল চারটার আগে বন্ধ করা না হলে বিকেল চারটায় তাঁরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করবেন বলে উল্লেখ করা হয়েছে। ইউএনও ইসমাইল হোসেন গতকাল রাতে প্রথম আলোকে বলেন, মেলার নামে সেখানে জুয়া খেলা বন্ধের উদ্যোগ নেওয়া হবে। গত ১৫ জুন থেকে একটি প্রভাবশালী চক্র রেলস্টেশন-সংলগ্ন নাটাল চত্বর এলাকায় আনন্দ মেলার নামে জুয়ার আসর বসিয়েছে।