আশুগঞ্জে ঝুঁকিতে গ্রাম ও বিদ্যুতের টাওয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেঘনার ভাঙনের কবলে পড়েছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের চর সোনারামপুর গ্রাম। এখানে আশুগঞ্জ-সিরাজগঞ্জ জাতীয় বিদ্যুৎ গ্রিড লাইনের একটি টাওয়ার ভাঙনের ঝুঁকির মুখে পড়েছে। গত শুক্রবার তোলা ছবি l প্রথম আলো
মেঘনার ভাঙনের কবলে পড়েছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের চর সোনারামপুর গ্রাম। এখানে আশুগঞ্জ-সিরাজগঞ্জ জাতীয় বিদ্যুৎ গ্রিড লাইনের একটি টাওয়ার ভাঙনের ঝুঁকির মুখে পড়েছে। গত শুক্রবার তোলা ছবি l প্রথম আলো

মেঘনা নদীর ঢেউয়ের আঘাতে ভাঙনের কবলে পড়েছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের চর সোনারামপুর গ্রাম। আতঙ্কে আছে পাঁচ শতাধিক পরিবার। এ ছাড়া ভাঙনের ঝুঁকির মুখে পড়েছে আশুগঞ্জ-সিরাজগঞ্জ জাতীয় বিদ্যুৎ গ্রিড লাইনের একটি বড় টাওয়ার।
চরের কয়েকজন বাসিন্দা প্রথম আলোকে বলেন, প্রতিবছর বর্ষা মৌসুম এলেই এ চরে ভাঙন দেখা দেয়। বছর তিনেক আগে চর এলাকায় খননযন্ত্র দিয়ে অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করায় এবং নদীশাসন না হওয়ায় ভাঙন তীব্র আকার ধারণ করছে। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে চরটি মেঘনার গর্ভে বিলীন হয়ে যেতে পারে।
খোঁজ নিয়ে জানা গেছে, প্রায় ২০০ বছর আগে আশুগঞ্জে মেঘনা নদীর বুকে জেগে ওঠে চর সোনারামপুর। পরে সেখানে বসতি গড়ে ওঠে। এখন এটি আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) দুই নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত। এই চরে আড়াই হাজারের বেশি মানুষ বসবাস করে। প্রধানত মাছ বিক্রি ও নৌকা চালিয়ে তাঁরা জীবিকা নির্বাহ করেন।
গত শুক্রবার আশুগঞ্জ নদীঘাট থেকে নৌকায় ওই চরে সরেজমিনে দেখা গেছে, চরটি ঘনবসতিপূর্ণ। পূর্ব দিকের খালি জায়গার বিরাট একটি অংশ মেঘনার গর্ভে বিলীন হয়ে গেছে। এ ছাড়া ঢেউয়ের আঘাতে প্রতিনিয়ত চরের পূর্ব, উত্তর ও দক্ষিণ দিকের অংশ ভাঙছে। চরের পূর্ব দিকের মাঝখানে আশুগঞ্জের তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি বড় টাওয়ার। নদীর ভাঙন ওই টাওয়ারের পাঁচ থেকে ছয় গজ দূর পর্যন্ত চলে এসেছে।
চরের পূর্ব দিকের বাসিন্দা ভরত দাস, প্রদীপ দাস, শ্যামল চন্দ্র দাস, সুপ্রভা রানিসহ অন্তত ২০ জন বলেন, বছর তিনেক আগে চর এলাকায় খননযন্ত্র দিয়ে মাটি তোলা হয়। এরপর থেকেই চরে ভাঙন তীব্র আকার ধারণ করে। ভাঙতে ভাঙতে চর ছোট হয়ে যাচ্ছে। কিন্তু ভাঙন রোধে কোনো ব্যবস্থা নিচ্ছে না সরকার।
প্রাণ কুমার দাস ও বিপ্লব চন্দ্র দাস বলেন, ‘এ বছর যেমনে ভাঙা শুরু অইছে, চলতে থাকলে চর শেষ অইয়্যা যাইব। আগে-পরে চর আর থাকব না।’
সদর ইউনিয়নের বাসিন্দা লোকমান হোসেন, সায়েদুল ইসলাম, সানি আবেদীন বলেন, ‘আমরা আগে প্রায়ই মেঘনা নদী পার হয়ে ওই চরে ক্রিকেট ও ফুটবল খেলতে যেতাম। চরের পূর্ব দিকের অংশটি এতই বড় ছিল যে সেখানে একসঙ্গে তিন থেকে চারটি দল খেলতে পারত। আর এখন বড়জোর একটি দল খেলতে পারবে।’
সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোবারক হোসেন বলেন, কয়েক বছর আগে একটি কুচক্রী মহল ওই জায়গা থেকে বালু উত্তোলন করেছিল। তখন এলাকাবাসীর বাধার মুখে তা বন্ধ হয়। কিন্তু এখন ওই অংশে ভাঙন তীব্র আকার ধারণ করেছে। এ ভাঙন রোধে শিগগির ব্যবস্থা নেওয়া দরকার।
আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক সাজ্জাদুর রহমান বলেন, ‘মেঘনা নদীর ওপর দিয়ে এই জাতীয় বিদ্যুৎ গ্রিডের লাইনটি আশুগঞ্জ-সিরাজগঞ্জ পর্যন্ত গিয়েছে। গত বছর চরের এই গ্রিড লাইন সম্পর্কে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একটি প্রতিবেদন দিয়েছিলেন। বর্তমানে কতটুকু ভেঙেছে, তা জানি না। তবে বেশি দূর ভেঙে থাকলে তা প্রতিরোধে শিগগির ব্যবস্থা নিতে হবে।’
ইউএনও সন্দ্বীপ কুমার সিংহ বলেন, চরের ওই জায়গাটিতে ঢেউয়ের মাত্রা খুব বেশি থাকায় আঘাতে আঘাতে পাড় ভেঙে পড়ছে। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) মাধ্যমে সেখানে কোনো প্রতিরক্ষা বাঁধ নির্মাণ করা না গেলে চরটি রক্ষা করা যাবে না। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে একটি প্রস্তাব পাঠানো হয়েছে।
জেলা প্রশাসক মুহাম্মদ মোশাররফ হোসেন বলেন, ‘ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ পাউবোকে বলা হয়েছে। খোঁজ নিয়ে খুব দ্রুত ব্যবস্থা নেব।’