আশুগঞ্জে ঝুলন্ত লাশ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার মৈশাইর গ্রাম থেকে গতকাল শনিবার মো. জারু মিয়া (৩৫) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাঁর স্ত্রী রেহেনা আক্তারকে (৩০) পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশ ও জারু মিয়ার ভাই ফরিদ মিয়া জানান, ১২-১৩ বছর আগে জারু মিয়া (৩৫) উপজেলার তালশহর গ্রামের রেহেনাকে (৩০) বিয়ে করেন। স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনা না হওয়ায় বছর খানেক আগে রেহেনা তালশহর চলে যান। এরপর তিনি জারু মিয়াসহ সাতজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। এ নিয়ে তাঁদের মধ্যে বিরোধ চলছিল। পুলিশ সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যায় জারু মিয়ার তালাবদ্ধ বসতঘরে তাঁর ঝুলন্ত লাশ দেখতে পায় এলাকাবাসী। পরে গতকাল সকালে পুলিশ জারু মিয়ার লাশ উদ্ধার করে। তাঁর জিহ্বা দ্বিখণ্ডিত এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রেহেনাকে গ্রেপ্তার করেছে। গতকাল তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আবদুল কাদের বলেন, নিহত ব্যক্তির হাত-পা বাঁধা ছিল। প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তিনি জানান, নিহত ব্যক্তির বড় ভাই ফরিদ মিয়া রেহেনা ও তাঁর কথিত প্রেমিক লালু মিয়ার বিরুদ্ধে আশুগঞ্জ থানায় হত্যা মামলা করেছেন।