আশুগঞ্জে ট্রেনের ইঞ্জিন বিকল, তিন ঘণ্টা চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে গতকাল সোমবার একটি মালবাহী কনটেইনার ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে তিন ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে।ট্রেন চলাচল বন্ধ থাকায় আশুগঞ্জের তালশহর, ভৈরব, ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন রেলওয়ে স্টেশনে আন্তঃনগর সুবর্ণ এক্সপ্রেস, জয়ন্তিকা এক্সপ্রেস, মহানগর প্রভাতি, চট্টলা এক্সপ্রেসসহ ছয়টি ট্রেন আটকা পড়ে।আশুগঞ্জ ও ভৈরব রেলওয়ে সূত্র জানায়, বেলা সোয়া ১১টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী মালবাহী কনটেইনার ট্রেনটি আশুগঞ্জ স্টেশন অতিক্রম করে। সাড়ে ১১টার দিকে ট্রেনটি শহীদ হাবিলদার আবদুল হালিম রেলওয়ে সেতুর আশুগঞ্জ প্রান্ত অতিক্রম করার সময় ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে ট্রেনটি সেতুর ওপরই থেমে যায়। এতে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে দুপুর আড়াইটার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।আশুগঞ্জ রেলওয়ে স্টেশনমাস্টার আবদুল্লাহ ফারুক জানান, দুপুর দেড়টার দিকে আশুগঞ্জ স্টেশনে ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি করানো হয়। পরে সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন দিয়ে মালবাহী ট্রেনটি সেতু থেকে সরিয়ে আশুগঞ্জের দিকে আনা হয়।