আশুগঞ্জে তিনটি বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন
দেশের বিদ্যুতের চাহিদা মেটাতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আরও তিনটি বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বৃহস্পতিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এটি উদ্বোধন করেন।
গতকাল দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে প্রধানমন্ত্রী এই প্রকল্পগুলো উদ্বোধন করেন। বিদ্যুৎ বিভাগ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এই অনুষ্ঠানের আয়োজন করে।
আয়োজকদের সূত্রে জানা গেছে, গতকাল উদ্বোধন করা তিনটি বিদ্যুৎকেন্দ্র হচ্ছে আশুগঞ্জ ২২৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট, ইউনাইটেড আশুগঞ্জ ২০০ মেগাওয়াট মডিউলার পাওয়ার প্লান্ট ও আশুগঞ্জ মিডল্যান্ড ৫১ মেগাওয়াট পাওয়ার প্লান্ট উদ্বোধন করেন। এই তিনটি বিদ্যুৎকেন্দ্র চালু হওয়ায় জাতীয় গ্রিডে আরও ৩৯৫ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে। এ ছাড়া তিনি ব্রাহ্মণবাড়িয়া শহরের মৌড়াইল এলাকায় রেলগেটে ওভারপাস নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।
ভিডিও কনফারেন্স চলাকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে ব্রাহ্মণবাড়িয়ার ব্যাপক উন্নয়ন হয়েছে। আশুগঞ্জে নতুন তিনটি বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হয়েছে। এ কেন্দ্রগুলো জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করে দেশের উন্নয়ন ত্বরান্বিত করবে।
ব্রাহ্মণবাড়িয়া শহরের রেলগেটে ওভারপাস প্রসঙ্গে তিনি বলেন, শহরের ভেতরে রেলগেট এলাকায় কিছুক্ষণ পরপর রেলগেট পড়ায় মানুষকে অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে। এই ওভারপাস নির্মিত হলে শহরের যানজট কমে আসবে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে ভিডিও কনফারেন্স চলাকালে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সাংসদ র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল) আসনের সাংসদ জিয়াউল হক মৃধা, ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সাংসদ ফয়জুর রহমান, নারী আসনের সাংসদ ফজিলাতুন্নেসা বাপ্পী, ব্রাহ্মণবাড়িয়ার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক লুৎফুন্নাহার প্রমুখ উপস্থিত ছিলেন।