আশুগঞ্জে তিনতলা ভবনে আগুন, অগ্নিদগ্ধ ৪
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বাজারে গত শনিবার সন্ধ্যায় আগুনে তিনতলা একটি ভবন পুড়ে গেছে। ভবনের নিচতলায় অটবি ফার্নিচারের শো-রুম, দ্বিতীয় তলায় একটি কমিউনিটি সেন্টার ও তৃতীয় তলায় বাসাবাড়ির পুরোটাই পুড়ে গেছে। আগুন নেভাতে গিয়ে অন্তত চারজন অগ্নিদগ্ধ হয়েছেন। তাঁদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা দাবি করেছেন।প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে হঠাৎ অটবি ফার্নিচার শো-রুমে আগুন লাগে। কিছুক্ষণের মধ্যে আগুন ভবনের দ্বিতীয় তলায় হাজি কমিউনিটি সেন্টার ও তিনতলায় বাসাবাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।ভবন ও কমিউনিটি সেন্টারের মালিক মো. শাহজাহান বলেন, ‘আগুনে আমার কমিউনিটি সেন্টার ও বাসভবনের তিনতলা সম্পূর্ণ পুড়ে গেছে। কোনো কিছুই রক্ষা করতে পারিনি।’