আশুগঞ্জে দুই কর্মচারী খুন
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের পশ্চিমবাজার এলাকায় গতকাল রোববার ভোরে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেনের ব্যাবসাপ্রতিষ্ঠানের দুই কর্মচারীকে সন্ত্রাসীরা খুন করেছে। নিহতদের একজনের নাম মোহামঞ্চদ হানিফ মিয়া (৪০)। তাঁর বাড়ি কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায়। অপরজন আওয়াল হোসেন (২০)। তিনি আশুগঞ্জ উপজেলার সোহাগপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে।পুলিশ এ ঘটনায় দুজনকে আটক করেছে। এঁরা হলেন বাজারের প্রহরী হেলাল মিয়া ও চাতালশ্রমিক আবদুস সালাম। হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে জনতা ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে ভিড় করে। ওই ব্যবসাপ্রতিষ্ঠানের বিভিন্ন আলমারি ও সিন্দুকের তালা ভেঙে নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র নিতে চেষ্টা করে দুর্বৃত্তরা। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জকির হোসেন বলেন, ‘প্রতিদিনের মতো শনিবার রাত নয়টার দিকে ব্যবসার হিসাব-নিকাশ শেষ করে আওয়াল হোসেন, হানিফ মিয়া ও জুয়েল নামে তিনজন কর্মচারীকে ব্যবসাপ্রতিষ্ঠানে ঘুমিয়ে থাকার জন্য বলে চলে যাই। গতকাল রোববার সকাল নয়টায় ব্যবসাপ্রতিষ্ঠানে এসে দরজা খোলা দেখি। ভেতরে ঢুকে আওয়াল ও হানিফকে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিই।’ তাঁদের সঙ্গে থাকা জুয়েল নামের অপর কর্মচারী নিখোঁজ রয়েছেন। খবর পেয়ে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসমাইল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ দুজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠিয়েছে।আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক জানান, তদন্ত অব্যাহত রয়েছে। তদন্ত শেষে আসল ঘটনা জানা যাবে। তবে প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।