আশুগঞ্জে দুই গোষ্ঠীর সংঘর্ষে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার আড়াইসিধা কে বি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ নিয়ে দ্বন্দ্বের জের ধরে দুই গোষ্ঠীর সংঘর্ষে একজন নিহত ও কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। গতকাল রোববার আড়াইসিধা গ্রামের মাধর গোষ্ঠী ও মোল্লা গোষ্ঠীর মধ্যে এই সংঘর্ষ হয়।সংঘর্ষে নিহত সাইফুল ইসলাম (২৬) স্থানীয় ফিরোজ মিয়া ডিগ্রি কলেজের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ছাত্র। তিনি মাধর গোষ্ঠীর সোহরাব হোসেনের ছেলে।এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ নিয়ে দীর্ঘদিন ধরে ওই দুই গোষ্ঠীর মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে গতকাল সন্ধ্যায় দুই গোষ্ঠীর লোকজন টেঁটা, বল্লম, রামদা ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে গুরুতর আহত সাইফুলকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।স্থানীয় ও হাসপাতাল সূত্র জানায়, সংঘর্ষে ৩০ জন আহত হয়েছেন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও জেলা সদর হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।স্থানীয় লোকজন জানান, সংঘর্ষের সময় আড়াইসিধা বাজারের ওষুধের দোকানসহ বেশ কয়েকটি দোকান ভাঙচুর ও লুটপাট করা হয়। ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. মনিরুজ্জামান প্রথম আলোকে জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। কিন্তু তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়। পরে সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার শাহ আলম বকাউলের নেতৃত্বে পুলিশ লাইন থেকে অতিরিক্ত দাঙ্গা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় একাধিক সূত্র জানায়, গত শনিবার ওই বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোল্লা গোষ্ঠীর আশরাফ উদ্দিন ও পরিচালনা কমিটির সাবেক সভাপতি দেওয়ান মোস্তাকের নেতৃত্বে বহিরাগত ব্যক্তিরা লাঠিসোঁটা নিয়ে বিদ্যালয়ে হামলা চালায়। এতে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাধুর গোষ্ঠীর আবদুল হাই ও সহকারী শিক্ষক ইলিয়াছ মিয়াসহ কয়েকজন শিক্ষার্থী আহত হন। এর জের ধরে গতকাল এই সংঘর্ষ হয়।