আশুগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে র‌্যাব ও পুলিশসহ আহত শতাধিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার লালপুর ও মধুপুর গ্রামের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের শতাধিক লোক আহত হয়েছে। আহত ব্যক্তিদের স্থানীয় বিভিন্ন ক্লিনিক, ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে ধাক্কা লাগার ঘটনাকে কেন্দ্র করে গত মঙ্গলবার বিকেলে আশুগঞ্জ উপজেলার লালপুর গ্রামের মাসুম ও মধুপুর গ্রামের পরশের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এ নিয়ে ঈদের দিন বিকেলে মধুপুর গ্রামের লোকজন লালপুর গ্রামের চেঙ্গামোড়া এলাকার তিনটি দোকান ভাঙচুর ও লুটপাট করে। এরই জের ধরে বৃহস্পতিবার দুপুরে উভয় গ্রামের সহস্রাধিক লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষে র‌্যাব, পুলিশসহ উভয় পক্ষের শতাধিক লোক আহত হয়। এ সময় বেশ কয়েকটি দোকান ও বাড়িঘরে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়।খবর পেয়ে আশুগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় বিকেল চারটায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ সময় সংঘর্ষ থামাতে গিয়ে লালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোর্শেদ মাস্টার, আড়াইসিধা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. ইসমাইল সিরাজী, আওয়ামী লীগের নেতা সেলিমসহ আরও ৮-১০ জন আহত হয়। সংঘর্ষে গুরুতর আহত ব্যক্তিরা হলেন: মাহতাব মিয়া (৪০), বাতেন মিয়া (২৫), মো. কাউসার (৩০), মো. পরশ (২৬), মনছুর আলী (২৮), নেছার মিয়া (২৪), আলমগীর হোসেন (৪০), মজিবুর রহমান (৩৫), মাছুম মিয়া (৩০), জিকু মিয়া (৩২) ও বকুল মিয়া (৪০)। তাঁদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে উপজেলার আড়াইসিধা গ্রামের মো. রাসেল মিয়াকে (২২) গ্রেপ্তার করেছে।আশুগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু জাফর জানান, মামলার প্রস্তুতি চলছে।