ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে গতকাল বৃহস্পতিবার ও আগের দিন বুধবার দুই পক্ষে দফায় দফায় সংঘর্ষে শতাধিক মানুষ আহত হয়েছে। এ সময় বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার আড়াইসিধা গ্রামের মাদুরবাড়ির সমীর মিয়ার সঙ্গে গ্রামের বড় বাড়ির নাহিদ মিয়ার কথা-কাটাকাটি হয় গত মঙ্গলবার রাতে। এর একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। ওই ঘটনার জের ধরে পরদিন বুধবার সকালে উভয় বাড়ির কয়েক শ মানুষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ওই দিনের সংঘর্ষে উভয় পক্ষে অন্তত ৬০ জন আহত হয়। গতকাল সকাল আটটার দিকে একই ঘটনায় দ্বিতীয় দফা সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পরিবারের লোকজন। প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে উভয় পক্ষে আহত হয় অন্তত ৪০ জন।উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসমাইল হোসেন এবং আশুগঞ্জ থানা থেকে পুলিশ ও দাঙ্গা পুলিশ গতকাল দুপুরে ঘটনাস্থলে পৌঁছে রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।দুই দিনের সংঘর্ষে উভয় পক্ষের গুরুতর আহত লোকজনের মধ্যে কামাল মিয়া (৪০), বিলাল মিয়া (২৪), রহিম মিয়া (৫০), নাইম মিয়া (২৬), জামির মিয়া (৩৫), ফরহাদ মিয়া (২৩), সানি মিয়া (২৬), উজ্জ্বল মিয়া (৩৫), শারফিন মিয়া (২৮), আলমগীর মিয়া (৩৫), আলাল মিয়া (২৭), সায়মন (২১), নাহিদ (২৩), জুয়েল মিয়া (২৮), মোহন মিয়া (২৫), রাব্বি মিয়া (১৯), দিদারুল ইসলাম (২৭), কায়সার মিয়া (২৩), মামুন মিয়া (৩১) ও ফারুক মিয়াকে (২২) ব্রাহ্মণবাড়িয়া সদর ও আশুগঞ্জের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জানান, তুচ্ছ ঘটনা নিয়ে দুই পরিবারের লোকজনের মধ্যে দুই দিন ধরে সংঘর্ষ চলছে। ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে। এই ঘটনায় কোনো পক্ষ মামলা করেনি।