আশুগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত ৪৫, দোকান ভাঙচুর
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার মৈশাইর গ্রামে গতকাল শুক্রবার দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৪৫ জন আহত হয়েছে। এ সময় কয়েকটি ঘর ও ১২টি ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর করা হয়। আহত ব্যক্তিদের ব্রাহ্মণবাড়িয়া সদর, ভৈরব ও আশুগঞ্জের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে মৈশাইর গ্রামের আক্তার মিয়ার সঙ্গে মালেক মেম্বারের দ্বন্দ্ব চলছিল। গতকাল সকাল সাতটার দিকে দুই পক্ষের স্বাভাবিক কথাবার্তার একপর্যায়ে অতীতের একটি বিষয় নিয়ে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় অন্তত ১০টি ঘর ও ১২টি দোকান ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মালেক অভিযোগ করেন, ‘আক্তারের লোকজনের অত্যাচারে গ্রামবাসী অতিষ্ঠ। আমরা প্রতিবাদ করার চেষ্টা করি। আজ কোনো কারণ ছাড়াই তারা আমাদের ওপর হামলা চালায়।’ যোগাযোগের চেষ্টা করে আক্তার মিয়াকে পাওয়া যায়নি। তবে তাঁর সমর্থক বলে পরিচিত রফিক মিয়া জানান, ‘মালেক মিয়ার লোকজন গ্রামে নানা অপকর্ম করে বেড়াচ্ছে। আমরা এর প্রতিবাদ করায় হামলার শিকার হয়েছি।’ আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর জানান, পূর্ববিরোধের জের ধরেই সংঘর্ষ হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে কোনো পক্ষ মামলা করেনি।