ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় গতকাল বৃহস্পতিবার পূর্ববিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ নয়টি বুলেট নিক্ষেপ করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার দুর্গাপুর ইউনিয়নের খড়িয়ালা গ্রামের শাহজাহান সরদার ও আবদুল কাইয়ুম মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরে গতকাল সকাল ১০টায় উভয়পক্ষের পাঁচ শতাধিক লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের ওপর ও গ্রামের ভেতরে খণ্ড খণ্ড সংঘর্ষে জড়িয়ে পড়েন। তিন ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে উভয়পক্ষের ৫০ জন আহত হন। আহত ব্যক্তিদের জেলা সদর হাসপাতালসহ আশুগঞ্জ ও জেলার বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এ সময় হামলাকারীরা বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর ও লুটপাট চালান। সংঘর্ষের কারণে বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে আশুগঞ্জ থানার পুলিশ ও জেলা সদর থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাপক লাঠিপেটা এবং নয়টি রাবার বুলেট ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।কাইয়ুমের বাড়ির লোকজন বলেন, সংঘর্ষের সময় প্রতিপক্ষের লোকজন বাড়িতে ঢুকে আটটি ঘর ভাঙচুর ও লুটপাট করেছেন। শাহজাহান সরদারবাড়ির লোকজন অভিযোগ করেন, তাঁদের বংশের লোকজন সংযত থাকার চেষ্টা করলেও কাইয়ুমের বাড়ির লোকজন গায়ে পড়ে ঝগড়া করেন। আজও (বৃহস্পতিবার) কোনো কারণ ছাড়া তাঁরা তাঁদের ওপর চড়াও হন।আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় কোনো পক্ষই মামলা করেনি।