আশুগঞ্জে নিহত কলেজছাত্রের ময়নাতদন্ত সম্পন্ন
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের আড়াইসিধা কেবি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ নিয়ে দ্বন্দ্বের জের ধরে সংঘর্ষে নিহত কলেজছাত্র সাইফুল ইসলামের (২২) ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার দুপুরে জেলা সদর হাসপাতাল থেকে তাঁর লাশ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়।নিহত ছাত্রের স্বজনেরা জানান, বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ নিয়ে আড়াইসিধা গ্রামের মোল্লা গোষ্ঠী ও মাধুর গোষ্ঠীর মধ্যে বিরোধ চলে আসছিল। এর জের ধরে গত শনিবার বিদ্যালয়ে হামলায় শিক্ষক-শিক্ষার্থীসহ অন্তত ১০ জন আহত হয়। হামলার ঘটনাকে কেন্দ্র করে রোববার সন্ধ্যায় দুই গোষ্ঠীর শতাধিক লোক রামদা, টেঁটা ও বল্লমসহ বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হয়। এ সময় মাধুর গোষ্ঠীর সোহরাব হোসেনের ছেলে কলেজছাত্র সাইফুল টেঁটার আঘাতে গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।আশুগঞ্জ থানা সূত্র জানায়, রোববার রাত নয়টার দিকে থানার পুলিশ ও জেলা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে ব্যাপক লাঠিপেটা, ৫৭টি কাঁদানে গ্যাসের শেল ও ৭৮টি রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।