আশুগঞ্জে নৌকাডুবিতে ১ জনের মৃত্যু, মাধবপুরে দুজনের লাশ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার একটি খালে গতকাল বুধবার ধানবোঝাই একটি নৌকা ডুবে সাইদুর রহমান নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। হবিগঞ্জের মাধবপুরের খাষ্টি নদীতে নৌকা থেকে পড়ে নিখোঁজ হওয়া দুই আরোহীর লাশ গত মঙ্গলবার উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরির দল।
আশুগঞ্জে নৌকাডুবিতে মারা যাওয়া সাইদুর (৪০) কিশোরগঞ্জের নিকলী উপজেলার বাসিন্দা এবং ডুবে যাওয়া ওই নৌকায় থাকা ধানের মালিক ছিলেন। হবিগঞ্জের মাধবপুরে যে দুজনের লাশ উদ্ধার করা হয়েছে তাঁরা হলেন মাধবপুরের আদাঐর গ্রামের টিটু (২৫) ও সেলিম (৩০)।
আশুগঞ্জ থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার কিশোরগঞ্জের নিকলী উপজেলা থেকে ৯০০ মণ ধান নিয়ে একটি নৌকা আশুগঞ্জের উদ্দেশে যাত্রা করে। নৌকাটি মেঘনা নদীর সঙ্গে যুক্ত সোনারামপুর খালে গত মঙ্গলবার রাতে নোঙর করে। গতকাল সকালে নোঙর করা অবস্থায় সেখানে নৌকাটি ডুবে যায়। খবর পেয়ে আশুগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ও আশুগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। আশুগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা নৌকার ভেতর থেকে সাইদুরকে মৃত অবস্থা উদ্ধার করেন। সাইদুরের লাশ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
হবিগঞ্জের মাধবপুরে খাষ্টি নদীতে ঝুলে থাকা বিদ্যুতের তারে ধাক্কা খেয়ে পড়ে গিয়ে গত সোমবার নৌকার দুই আরোহী আদাঐর গ্রামের টিটু ও সেলিম নিখোঁজ হন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আদাঐর গ্রামের সরুজ মিয়া সোমবার দুপুরে একটি নৌকায় কাটা গাছ নিয়ে খাষ্টি নদী দিয়ে মাধবপুর উপজেলা সদরে যাচ্ছিলেন। নৌকায় আরোহী ছিলেন চার-পাঁচজন। নৌকাটি নৈয়ারজুড়ি খালের কাছে পৌঁছালে হঠাৎ নৌকার আরোহী টিটু দাঁড়ান। একপর্যায়ে মাথার ওপর দিয়ে যাওয়া ৩৩ কেভির বৈদ্যুতিক তারে জড়িয়ে তিনি নৌকা থেকে নদীতে পড়ে যান। একইভাবে আরোহী সেলিম মিয়াও নদীতে পড়ে নিখোঁজ হন। ঘটনার সময় থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত ডুবুরি দল খাষ্টি নদীতে তল্লাশি চালায়। মঙ্গলবার স্থানীয় ও সিলেট থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরিরা টিটু ও সেলিমের লাশ নদী থেকে উদ্ধার করেন।