ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের মেঘনা নদীতে মালবাহী কার্গো জাহাজে ডাকাতির প্রতিবাদে নৌযান ফেডারেশনের ডাকে জেলায় আজ শুক্রবার সকাল থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছেন নৌযান শ্রমিকেরা। এতে আশুগঞ্জ বন্দরে আটকা পড়েছে শতাধিক মালবাহী কার্গো জাহাজ।
শ্রমিকেরা জানান, গতকাল বৃহস্পতিবার রাতে আশুগঞ্জ বন্দরে এমভি মাহি আরাফাত জাহাজে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় জাহাজের শ্রমিকদের তিন লাখের বেশি টাকার মালামাল লুটে নেয় ডাকাতেরা। এ সময় ডাকাতেরা জাহাজের শ্রমিকদের ওপর হামলা চালায়। এতে চার শ্রমিক আহত হন। তাঁদের স্থানীয় হাসপাতালে চিকিত্সা দেওয়া হয়েছে।
এর আগে গত পাঁচ দিনে অন্তত আটটি জাহাজে ডাকাতি হয়েছে।
বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসাইন জানান, কয়েক দিন ধরে আশুগঞ্জ বন্দর ও সার কারখানা এলাকায় মালবাহী জাহাজে ডাকাতি হচ্ছে। বিষয়টি স্থানীয় প্রশাসনকে বারবার জানানোর পরও কোনো প্রতিকার হয়নি। এতে শ্রমিকেরা নৌ ধর্মঘটে নামতে বাধ্য হয়েছেন।
নৌযান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক বাহার মিয়া বলেন, ‘শ্রমিকদের নৌপথে পর্যাপ্ত নিরাপত্তা না দেওয়া পর্যন্ত আমাদের ধর্মঘট অব্যাহত থাকবে। প্রায়ই আশুগঞ্জের মেঘনা নদীতে ডাকাতির ঘটনা ঘটে কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না। যদি নিত তা হলে আজ ডাকাতি হতো না।’
এদিকে আটকেপড়া কার্গো জাহাজ থেকে পণ্য খালাস না করায় ব্যবসায়ীরা বিপাকে পড়েছেন। তবে যাত্রীবাহী লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক জানান, নৌযান শ্রমিকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে বিভিন্ন স্থানে পুলিশি অভিযান অব্যাহত আছে।