আশুগঞ্জে পরীক্ষামূলকভাবে কমপ্রেসার ইউনিট চালু
জাতীয় গ্যাস সঞ্চালন লাইনে গ্যাসের চাপ স্বাভাবিক রাখতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ কমপ্রেসার স্টেশনের একটি কমপ্রেসার ইউনিট পরীক্ষামূলকভাবে চালু হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ১০টায় ওই ইউনিট চালু করা হয়।
গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) সূত্রে জানা যায়, পরীক্ষামূলকভাবে ওই ইউনিটটি চালু করা হয়েছে। ওই কমপ্রেসার ৭২ ঘণ্টা সফলভাবে চললে সেটি বাণিজ্যিকভাবে চলতে থাকবে।
প্রায় ৯০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত ওই কমপ্রেসার স্টেশনের কাজ সফলভাবে শেষ হওয়ার পর প্রধানমন্ত্রী স্টেশনটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। মোট চারটি ইউনিটের মধ্যে ওই ইউনিটটি সফলভাবে চালু হলে চট্টগ্রাম এবং ডেমরা লাইনের গ্যাস গ্রাহকদের সমস্যা কেটে যাবে।
আশুগঞ্জ গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) উপমহাব্যবস্থাপক আবদুল মোমেন বলেন, দেশের পূর্বাঞ্চলের গ্যাসক্ষেত্রগুলো থেকে উত্পাদিত গ্যাস দুটি পাইপলাইনের মাধ্যমে গ্যাস ট্রান্সমিশন কোম্পানির আশুগঞ্জ মেনিফোল্ড স্টেশনে সরবরাহ করা হয়। সেখান থেকে চারটি পাইপলাইনে ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী অঞ্চলে গ্যাস সরবরাহ করা হয়। গ্যাস উত্তোলনের পর তা এক হাজার পিএসআই (পাউন্ড পার স্কয়ার ইঞ্চি) চাপে গ্রাহকের কাছে পৌঁছানোর কথা থাকলেও সরবরাহ লাইনে বিপরীতমুখী শক্তি ও বাধায় এই চাপ দূরত্ব অনুসারে ধীরে ধীরে কমতে থাকে। ব্রাহ্মণবাড়িয়ার তিতাস ও হবিগঞ্জ গ্যাসক্ষেত্র থেকে জাতীয় গ্রিড লাইনে গ্যাস সরবরাহ করা হলে আশুগঞ্জে পৌঁছাতে এই চাপ ৭৫০, ঢাকা ও আশপাশের এলাকায় পাঁচ থেকে ছয় শ এবং খুলনা-রাজশাহী অঞ্চলে চার শ পিএসআই বা তারও নিচে নেমে যায়। এভাবে চাপ কমার ফলে গ্রাহক পর্যায়ে গ্যাস সরবরাহে ব্যাঘাত ঘটে। তবে, স্টেশনটি পুরোদমে চালু হলে তা কেটে যাবে।