আশুগঞ্জে ফসলি জমিতে বিদ্যুৎকেন্দ্র নির্মাণের উদ্যোগে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নতুন একটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করতে জমি অধিগ্রহণের সরকারি উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলার সোহাগপুর মাঠে স্থানীয় ক্ষতিগ্রস্ত কৃষক সংগ্রাম পরিষদ এ সমাবেশের আয়োজন করে। এর আগে এলাকায় একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।বিক্ষোভকারীরা জানায়, আশুগঞ্জ তাপবিদ্যুৎকেন্দ্রের অধীনে এখানে এক হাজার মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন নতুন একটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। এ কারণে ১০০ একর জমি অধিগ্রহণের কাজ চলছে। এলাকাবাসী এই বিদ্যুৎকেন্দ্র নির্মাণকে স্বাগত জানালেও জমি অধিগ্রহণ নিয়ে তাদের আপত্তি রয়েছে। এরই প্রতিবাদে তারা ওই বিক্ষোভ সমাবেশ করে।বিক্ষোভকারীরা আরও জানায়, সরকার অধিগ্রহণের জন্য যেসব জমির মালিকদের চিঠি দিয়েছে, সেগুলোর সবই তিনফসলি। জমিগুলোর ওপর বিদ্যুৎকেন্দ্র হলে উপজেলার সোহাগপুর ও দুর্গাপুর গ্রামের প্রায় ৩০০ কৃষক নিঃস্ব হবেন। অথচ কৃষিজমি নষ্ট না করেও এলাকার অন্যত্র প্রকল্পটি বাস্তবায়ন করা যেতে পারে।ক্ষতিগ্রস্ত কৃষক সংগ্রাম পরিষদের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. ছফিউল্লাহ মিয়া জানান, আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের লাগোয়া এলাকাতেই প্রতিষ্ঠানটির নিজস্ব অনেক জায়গা আছে। সেসব জায়গায় নতুন বিদ্যুৎকেন্দ্রটি করা হলে ফসলি জমি নষ্ট হবে না।সোহাগপুর গ্রামের কৃষক জজ মিয়ার সবটুকু জমি অধিগ্রহণের জন্য সরকার চিঠি দিয়েছে। তিনি জানান, তাঁর এক একর জমি আছে। তিনফসলি হওয়ায় এখানকার ফসল দিয়েই সারা বছর তাঁর সংসার চলে। জমিটা হারালে তাঁর আর আয়-রোজগারের কোনো উপায় থাকবে না।জেলা প্রশাসক আবদুল মান্নান বলেন, ‘সরকার আশুগঞ্জে “জেনারেশন হাফ” নামের একটি প্রকল্প হাতে নিয়েছে। এর আওতায় সারা দেশে যত বিদ্যুৎ প্রয়োজন হবে, তার অর্ধেকই এখানে উৎপাদন করা হবে। আগামী সপ্তাহে আমি নিজে গিয়ে অধিগ্রহণের জমিগুলো দেখব। প্রকল্প এখনো একেবারেই প্রাথমিক পর্যায়ে। সব দিক বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।’মো. ছফিউল্লাহ মিয়ার সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের নেতা রুস্তম আলী সিকদার, দুর্গাপুরের সাবেক ইউপি চেয়ারম্যান সাজু খান, উপজেলা বিএনপির নেতা শাহজাহান সিরাজ, অধ্যাপক আলমগীর প্রমুখ।