আশুগঞ্জে বাড়িঘর ভাঙচুর লুটপাট, আটক ২
দুই পক্ষের সংঘর্ষে কলেজছাত্র নিহত হওয়ার জের ধরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার আড়াইসিধা গ্রামের বড়বাড়িতে গত বুধবার রাতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তরা বাড়িঘর ভাঙচুর এবং মালামাল লুট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে।
গত ৩ ফেব্রুয়ারি আশুগঞ্জের আড়াইসিধা কে বি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ নিয়ে দ্বন্দ্বের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে সাইফুল ইসলাম (২৬) নামের মাধরবাড়ির এক কলেজছাত্র নিহত হন। আড়াইসিধা গ্রামের মাধরবাড়ি ও বড়বাড়ির লোকজনের মধ্যে ওই সংঘর্ষ হয়।
এলাকাবাসী ও পুলিশ সূত্রের ভাষ্যমতে, সাইফুল হত্যার ঘটনায় মামলা দায়েরের পর থেকে বড়বাড়ির পুরুষেরা পালিয়ে বেড়াচ্ছেন। এ সুযোগে প্রতিপক্ষের তিন শতাধিক লোক বুধবার রাতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বড়বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা ১০-১৫টি ঘর ভাঙচুর করে। একপর্যায়ে তারা বাড়ির মৃত আবদুস সালামের প্রবাসী চার ছেলের দুটি ঘরের মালামাল লুট করে এবং একটি ঘর পুড়িয়ে দেয়। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের দাবি, এতে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে।
গতকাল বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহামঞ্চদ ইসমাইল হোসেন ও আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক ঘটনাস্থল পরিদর্শন করেন।
ওসি গোলাম ফারুক প্রথম আলোকে বলেন, গভীর রাতে মাধরবাড়ির পক্ষের লোকজন ২০০ থেকে ৩০০ লোক নিয়ে বড়বাড়িতে হামলা চালায়। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। তিনি জানান, এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে।