আশুগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাত্রলীগ নেতার মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ভৈরব পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি রাসেল আহমেদ ওরফে জনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। গতকাল সোমবার সকালে নির্মাণাধীন দ্বিতীয় ভৈরব রেলওয়ে সেতুর আশুগঞ্জ প্রান্তে কাজ করার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। জনি ভৈরব পৌর শহরের কালিপুর মহল্লার আবুল কাশেমের ছেলে।
নিহত ব্যক্তির পরিবারের সদস্য ও পুলিশ জানায়, ১৩ দিন আগে জনি দ্বিতীয় ভৈরব রেলওয়ে সেতুর নির্মাণকাজে সার্ভেয়ার হিসেবে যোগ দেন। দ্বিতীয় রেলসেতু প্রকল্পের পরিচালক (প্রশাসন) ডি কে সিং বিষয়টি নিশ্চিত করে জানান, কাজ চলাকালে হাতে থাকা ধাতব স্কেল বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে যায়। তাৎক্ষণিক তাঁকে ভৈরবের আবেদীন হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকেরা জানান, হাসপাতালে নেওয়ার আগেই জনির মৃত্যু হয়েছে।
ভৈরব উপজেলা ছাত্রলীগ সভাপতি খলিলুর রহমান জানান, জনি পৌর শহরের ১১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ছিলেন। আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর আহমেদ বলেন, ময়নাতদন্তের জন্য জনির মৃতদেহ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।