আশুগঞ্জে ভিড়েছে দুই ভারতীয় জাহাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নৌপথে ট্রানজিট নিতে ভারতের দুটি পণ্যবাহী জাহাজ আশুগঞ্জ নৌবন্দরে ভিড়েছে। এই দুটি জাহাজে লোহাজাতীয় পণ্য রয়েছে। ট্রায়াল রান বা পরীক্ষামূলক হিসেবে এই দুটি চালান নৌপথে আশুগঞ্জ বন্দরে এসে সড়কপথে আগরতলা যাবে। বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান নৌ-প্রটোকলের আওতায় এই ট্রানজিটে কোনো মাশুল নেওয়া হবে না। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও ব্রাহ্মণবাড়িয়া শুল্ক সার্কেল এ খবর নিশ্চিত করেছে। জাহাজ দুটির পক্ষ থেকে শুল্কায়ন আনুষ্ঠানিকতা সম্পন্ন করার জন্য গত রোববার ব্রাহ্মণবাড়িয়া শুল্ক সার্কেলে চিঠি দেওয়া হয়েছে। নৌ-প্রটোকলের আওতায় মাশুল ছাড়া পণ্য পরিবহনে শুল্ক আনুষ্ঠানিকতাসংক্রান্ত আদেশ জারি করেছে এনবিআর। এর আওতায় আশুগঞ্জ বন্দর পর্যন্ত নৌপথে, আর আখাউড়া পর্যন্ত সড়কপথে পণ্য পরিবহন করা হবে। ট্রায়াল রান হলো, যেকোনো রুট ব্যবহার করার আগে পরীক্ষামূলক এক বা একাধিক চালান আনা-নেওয়া করা। এর মাধ্যমে রুটটির প্রকৃত অবস্থা বিশ্লেষণ করা যাবে। জানা গেছে, আশুগঞ্জ বন্দরে কোনো গুদামঘর না থাকায় জাহাজ থেকে পণ্য নামিয়ে সরাসরি ট্রাকে করে আখাউড়া সীমান্তে পৌঁছে দেওয়া হবে। আর আশুগঞ্জ বন্দরে কাস্টমস বিভাগের স্থায়ী কোনো অফিস না থাকায় ব্রাহ্মণবাড়িয়া সার্কেল থেকে কর্মকর্তারা গিয়ে আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন।দীর্ঘদিন ধরে ভারত আশুগঞ্জ বন্দর হয়ে সড়কপথে ট্রায়াল রান করার তাগিদ দিয়ে আসছে। বাংলাদেশের সম্মতির পরিপ্রেক্ষিতে গত আগস্ট মাসে ভারতীয় কর্তৃপক্ষ বাংলাদেশের নৌপরিবহন মন্ত্রণালয়কে জানায়, ট্রায়াল রানের মাধ্যমে এক হাজার ২০০ টন লোহা ও লোহাজাতীয় পণ্য আনা-নেওয়া করা হবে। গত ২৫ আগস্ট এনবিআর ট্রায়াল রানের জন্য আদেশ জারি করে এনবিআর। যোগাযোগ করা হলে এনবিআরের সদস্য (কাস্টমস নীতি) শাহ আলম খান গতকাল প্রথম আলোকে জানান, নৌ ও সড়কপথে ট্রানজিটের আদেশ জারি হওয়ায় এই দুটি জাহাজের পণ্য খালাসে কোনো আইনগত জটিলতা নেই। এটি নৌ-প্রটোকলের আওতায় ট্রানজিট হওয়ায় কোনো মাশুলও দিতে হবে না। তাই ব্রাহ্মণবাড়িয়া সার্কেল পণ্য খালাসকরণের কাজ শেষ করে এনবিআরকে জানালেই হবে। ব্রাহ্মণবাড়িয়া শুল্ক সার্কেলের তত্ত্বাবধায়ক কাজী আবুল হোসেন প্রথম আলোকে বলেন, ‘দুটি জাহাজ আশুগঞ্জে পৌঁছেছে বলে রোববার চিঠি পেয়েছি। এগুলোতে লোহা ও লোহাজাতীয় পণ্য আছে।’ যেসব নিয়ম মানতে হবে: নৌ-প্রটোকলের আওতায় বেশ কিছু নিয়ম মেনে চলার কথা এনবিআরের আদেশে বলা হয়েছে। ট্রানজিট পণ্যের মোড়কে ‘ফর ট্রানজিট’ বা ‘ফর ট্রানশিপমেন্ট’ লেখা থাকতে হবে। ভারতীয় জাহাজ বাংলাদেশের জলসীমায় প্রবেশের আগে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) অনুমতি নিতে হবে। এ ছাড়া বাংলাদেশের এন্ট্রি স্টেশনে এসে কী পরিমাণ পণ্য এসেছে তার একটি বিবরণও জমা দিতে হবে। ঝুঁকি মোকাবিলায় সেই পণ্যের ওপর আরোপিত সম্ভাব্য শুল্ক করাদির সমপরিমাণ অর্থ ব্যাংক গ্যারান্টি দিতে হবে। অন্যদিকে এন্ট্রি স্টেশন থেকে আশুগঞ্জ বন্দরে এসে কাস্টমস কর্মকর্তারা তা পরীক্ষা-নিরীক্ষা করবেন। যেসব পণ্য ঘোষণা দেওয়া হয়েছিল সেসব পণ্যই বাংলাদেশ সীমান্ত অতিক্রম করেছে—এমন নিশ্চয়তার পরই ব্যাংক গ্যারান্টির অর্থ তুলে নিতে পারবেন পণ্যের মালিক বা এজেন্ট। বাংলাদেশ ও ভারতের মধ্যে ১৯৭২ সালে স্বাক্ষরিত অভ্যন্তরীণ নৌপথ অতিক্রম ও বাণিজ্য প্রটোকল ২০০৯ সালে সংশোধন করা হয়।