আশুগঞ্জে মা-মেয়েসহ বিভিন্ন স্থানে নিহত ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ও গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গতকাল শনিবার সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ ছাড়া কুষ্টিয়া ও মুন্সিগঞ্জের শ্রীনগরে গত শুক্রবার রাতে সড়ক দুর্ঘটনায় আরও চারজন নিহত হয়েছেন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর: সরাইল (ব্রাহ্মণবাড়িয়া): ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের খড়িয়ালা বাসস্ট্যান্ডে গতকাল সকালে বাসের চাপায় ববি (১) ও তার মা সালমা বেগম (৩৫) আহত হন। জেলা সদর হাসপাতালে ভর্তির কিছুক্ষণ পর তাদের মৃত্যু হয়। নিহত ওই দুজনের বাড়ি আশুগঞ্জ উপজেলার তালশহর ইউনিয়নের পুতাই গ্রামে।গোপালগঞ্জ: টুঙ্গিপাড়া-বাঁশবাড়িয়া সড়কের টুঙ্গিপাড়া উপজেলার লেবুতলা গ্রামে গতকাল বেলা ১১টার দিকে টেম্পো ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যানের যাত্রী কালীপদ বিশ্বাস (৫০) আহত হন। তাঁকে টুঙ্গিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে তিনি মারা যান। দুর্ঘটনায় টেম্পো ও ভ্যানের ১০ জন যাত্রী আহত হন। নিহত কালীপদ বিশ্বাসের বাড়ি কোটালীপাড়া উপজেলার ভেন্নাবাড়ী গ্রামে। কুষ্টিয়া: কুষ্টিয়া-ভেড়ামারা মহাসড়কের ত্রিমোহনীতে শুক্রবার রাত ১২টার দিকে একটি ট্রাক একটি বাইসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সাইকেলের আরোহী শাহিদুল ইসলাম (৪৫) নিহত হন। তিনি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কালুয়া গ্রামের বাসিন্দা।মুন্সিগঞ্জ: টুঙ্গিপাড়া-ঢাকা পথে চলাচলকারী ‘কমফোর্ট লাইন’-এর একটি বাস শুক্রবার রাত সাড়ে আটটার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা-মাওয়া মহাসড়কের মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার পশ্চিমপাড়ের দোগাছি বাজারে ঢুকে পড়ে। এতে বাজারের কয়েকটি দোকান দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই লৌহজংয়ের উত্তর মেদিনী মণ্ডলের হূদয় (৫০) ও কাজির পাগলা গ্রামের রিকশাচালক জসিম (৩০) নিহত হন। দুর্ঘটনায় আহত ফজলুর রহমানকে (৫৫) শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে তিনি মারা যান।