আশুগঞ্জে মানববন্ধন অবরোধে আ.লীগ-বিএনপি নেতারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুল আলোচিত হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর মাহমুদের পক্ষে আন্দোলনে নেমেছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার তারুয়া ইউনিয়নবাসী। গতকাল বুধবার তারা ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জের গোলচত্বরে মিছিল, মানববন্ধন ও সড়ক অবরোধ করে। গতকাল দুপুর ১২টায় তারুয়া ইউনিয়নের নারী-পুরুষ মিছিল নিয়ে আশুগঞ্জ গোলচত্বরে জড়ো হয়। মিছিলকারীরা পরে গোলচত্বর থেকে টোল প্লাজা পর্যন্ত অবস্থান নিয়ে মহাসড়ক অবরোধ করে। আধঘণ্টা পর তারা সড়কের দুই পাশে ব্যানার-ফেস্টুন নিয়ে দাঁড়িয়ে মানববন্ধন করে। মানববন্ধনে বক্তব্য দেন তারুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বাদল সাদি, শরীফপুর ইউপির সাবেক চেয়ারম্যান মো. হেবজুল বারী বকসি, তারুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইদ্রিস হাসান, বিএনপির সাধারণ সম্পাদক মো. সুরুজ মিয়া, কৃষক লীগ নেতা জাকির মিয়াজি, বাছির উদ্দিন, ব্যবসায়ী মো. জাহাঙ্গীর প্রমুখ। দুপুর একটায় মানববন্ধন শেষ হয়। বক্তারা দাবি করেন, ৮০টি প্রতিষ্ঠান নিয়ে হলমার্ক গ্রুপ। এটি উড়ে আসেনি। প্রায় ৪০ হাজার লোক এসব প্রতিষ্ঠানে কাজ করেন। এর মধ্যে আশুগঞ্জের লোক ১০ হাজার। দেশের অর্থনীতি চাঙা এবং বেকারত্ব দূর করার বিষয়ে এসব প্রতিষ্ঠানের অবদান রয়েছে। অথচ ব্যাংকিং কার্যক্রমে কিছু ভুল-বোঝাবুঝির সূত্র ধরে দেশের একটি মহল হলমার্কের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। কর্মসূচি পালন উপলক্ষে গতকাল সকাল থেকে তানভীর মাহমুদের পক্ষে উপজেলা সদরে মাইকিং করা হয়। কয়েক দিন আগ থেকে তারুয়া ইউনিয়নজুড়ে প্রচার চালানো হয়। তবে আশুগঞ্জ এলাকার বিভিন্ন লোকজন অভিযোগ করে প্রথম আলোকে বলেন, তানভীর তাঁর পক্ষে মানববন্ধন করানোর জন্য গ্রামের লোকদের বিপুল পরিমাণ টাকাপয়সা দিয়েছেন। এ ছাড়া ঢাকা থেকে তানভীরের বিভিন্ন কারখানা থেকে আগেই লোকজন জড়ো করা হয়।আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের একজন প্রবীণ নেতা প্রথম আলোকে বলেন, ‘তানভীর ব্যাংক কেলেঙ্কারি করে ব্রাহ্মণবাড়িয়াবাসীর মানসম্মান ডুবিয়েছেন। তাঁর সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা যোগ দিয়ে সরকারের ভাবমূর্তি আরও ক্ষুণ্ন করেছেন।’ আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদির বলেন, হলমার্কের পক্ষে মানববন্ধন কর্মসূচির কারণে কিছু সময় যান চলাচল বাধাগ্রস্ত হয়। পরে আমরা গিয়ে মহাসড়ক মুক্ত করি।’