আশুগঞ্জে মার্কেটে আগুন, ২০ দোকান পুড়ে ছাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার রেলগেট মার্কেটে গতকাল সোমবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ওই মার্কেটের ২০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আগুন লাগার ঘটনায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, গতকাল সকাল সাতটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের রেলগেট এলাকার ওই মার্কেটের একটি কনফেকশনারির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। কিছুক্ষণের মধ্যে আগুন পাশের অন্তত ১৫টি দোকানে ছড়িয়ে পড়ে। আগুনে মার্কেটের দুটি ইলেকট্রনিক সামগ্রী, পাঁচটি কনফেকশনারি, দুটি মিষ্টান্ন, তিনটি ফল, দুটি মুঠোফোন বিক্রির দোকান এবং একটি হোটেল পুড়ে ছাই হয়ে যায়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় আশুগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি, ব্রাহ্মণবাড়িয়ার একটি ও কিশোরগঞ্জের ভৈরব উপজেলা ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শী সূত্রে আরও জানা গেছে, অগ্নিকাণ্ডের কারণে ঢাকা-সিলেট মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ওই এলাকায় প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে আশুগঞ্জ থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে আশুগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফেরদৌসী বেগম ঘটনাস্থল পরিদর্শন করেন।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত স্বর্ণালী ষ্টোরের মালিক সুশান্ত সাহা বলেন, তাঁর দোকানের সব মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডে তাঁর প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
রুবেল কনফেকশনারির মালিক রুবেল মিয়া জানান, অগ্নিকাণ্ডে তাঁর প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর জানান, অগ্নিকাণ্ডের পর উদ্ধার তৎপরতার জন্য মহাসড়কে যান চলাচলে কিছুটা বিঘ্ন ঘটেছিল। তবে বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের উপপরিচালক মুজিবুর রহমান চৌধুরী জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। তবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো নিরূপণ করা হয়নি।