আশুগঞ্জে মেঘনার তীর দখল করে জেটি নির্মাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদীর তীরের প্রায় ৪০০ ফুট জায়গা দখল করে জেটি নির্মাণ করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। বিদ্যুৎকেন্দ্রের পণ্য পরিবহনের জন্য স্থানীয় ঠিকাদার উপজেলা আওয়ামী লীগের সভাপতি সফিউল্লাহ মিয়ার তত্ত্বাবধানে জেটির কাজ চলছে।
খোঁজ নিয়ে জানা গেছে, আশুগঞ্জ পূর্ব বাজার ধানের গালাসংলগ্ন মেঘনা নদীর তীরের এ জায়গা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) লঞ্চ টার্মিনাল হিসেবে ইজারা দিয়েছে। ওই স্থান দিয়ে ধানসহ বিভিন্ন পণ্য ওঠানামা করানো হয়। জেটির কাজের কারণে এসব পরিবহনে সমস্যার সৃষ্টি হচ্ছে। কনভেয়র লজিস্টিক নামে ঢাকার একটি প্রতিষ্ঠান জেটি নির্মাণের কাজটি উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. সফিউল্লাহ মিয়ার মাধ্যমে করাচ্ছেন। তাঁর (সফিউল্লাহ) প্রভাবে নদীতীরের জায়গা দখল করে জেটি নির্মাণকাজ অব্যাহত রাখা হয়েছে। আশুগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক ফাইজুর রহমান কাজটি দেখভাল করছেন।
আদালতের নিষেধাজ্ঞার পর কাজ বন্ধ রাখা হয়েছে বলা হলেও গত রোববার সরেজমিনে গজারির খুঁটি পুঁতে জেটি নির্মাণকাজ করতে দেখা যায়। আশুগঞ্জের বাসিন্দা ইজারাদার মো. মেজবাহ উদ্দিন প্রথম আলোকে জানান, তিনি লঞ্চঘাট হিসেবে যে জায়গাটি ইজারা নিয়েছেন, সেখানেই জেটি নির্মাণ করা হচ্ছে। এতে পণ্য পরিবহন ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। মেজবাহ বলেন, ‘মাসখানেক আগে জেটি নির্মাণের কাজ শুরু হয়। আমরা আদালতের শরণাপন্ন হই। ৩ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়ার জ্যেষ্ঠ সহকারী জজ আদালত উভয়পক্ষকে স্থিতাবস্থা বজায় রাখতে নির্দেশ দেন। কিন্তু ওই নির্দেশ না মেনে জেটি নির্মাণকাজ অব্যাহত রাখা হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. সফিউল্লাহ মিয়া বলেন, ‘কনভেয়ার লজিস্টিক নামের একটি প্রতিষ্ঠান আমাকে যেখানে দেখিয়ে দিয়েছে; সেখানেই জেটি নির্মাণকাজ করছি। বিকল্প না থাকায় ধান পরিবহনের জায়গার একাংশেই এটি করা হচ্ছে। তবে জেটি নির্মাণ শেষে ধান পরিবহন ও লোকজনের যাতায়াতের সুবিধার্থে বিকল্প পথ বের করে দেওয়া হবে। এ নিয়ে ধান ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি।’
এ ব্যাপারে কনভেয়ার লজিস্টিক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. কবির আহমেদের বক্তব্য জানতে তাঁর মুঠোফোনে ফোন করা হয়। সাংবাদিক পরিচয় পেয়ে তিনি কোনো কথা বলবেন না বলে জানান এবং তাঁর কার্যালয়ে যোগাযোগ করতে বলে সংযোগ কেটে দেন।
জানতে চাইলে কনভেয়ার লজিস্টিক লিমিটেডের ক্রয় বিভাগের হিসাবরক্ষক দেওয়ান আমিনুল ইসলাম বলেন, ‘নদীর জায়গাটি ব্যবহারের জন্য আমরা বিআইডব্লিউটিএর কাছে আবেদন করেছি।’ অনুমতি পাওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি স্পষ্ট করে কিছু বলেননি। তবে আদালতের নিষেধাজ্ঞার পর জেটি নির্মাণকাজ বন্ধ রাখা হয়েছে বলে দাবি করেন তিনি। আশুগঞ্জ বিআইডব্লিউটিএর (বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ) উপপরিচালক মো. আলমগীর কবির বলেন, ‘আশুগঞ্জ এলাকায় জেটি নির্মাণের জন্য আবেদন ফরম নেওয়া হয়েছে। কোনো অনুমতি দেওয়া হয়েছে বলে আমার জানা নেই।’