আশুগঞ্জে যুবলীগের পাল্টাপাল্টি সভা ১৪৪ ধারা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে একই সময়ে ও স্থানে যুবলীগের দুই পক্ষ বর্ধিত সভা আহ্বান করায় গতকাল বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে রাত ১২টা পর্যন্ত উপজেলা আওয়ামী লীগের কার্যালয় ও সংলগ্ন এলাকায় ১৪৪ ধারা জারি ছিল। এ কারণে উভয় পক্ষ পূর্বনির্ধারিত স্থানে সভা করা থেকে বিরত থাকলেও নিজ নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে ক্ষুদ্র পরিসরে বর্ধিত সভার কাজ শেষ করে বলে জানা গেছে।
ওই সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলা যুবলীগের নবগঠিত কমিটি নিয়ে আহ্বায়ক জিয়াউদ্দিন খন্দকার ও আগের কমিটির সাধারণ সম্পাদক মুনির সিকদারের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। ২ নভেম্বর আহ্বায়ক জিয়াউদ্দিন খন্দকার স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে দলীয় কার্যালয়ে ৬ নভেম্বর সংগঠনের বর্ধিত সভা আহ্বান করা হয়। এর এক দিন পরই মুনির সিকদারও একই স্থানে বর্ধিত সভা আহ্বান করেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। পরে উপজেলা প্রশাসন সেখানে ১৪৪ ধারা জারি করে। গতকাল সকাল ছয়টা থেকে রাত ১২টা পর্যন্ত আশুগঞ্জ বাজার, বিওসি ঘাট, আশুগঞ্জ গোলচত্বর এবং রেলগেট এলাকাকে ১৪৪ ধারার আওতায় রাখা হয়।