আশুগঞ্জে যুবলীগের মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হানিফ মুন্সির বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করা হয়েছে।
গতকাল শুক্রবার দুপুরে উপজেলা যুবলীগের উদ্যোগে মানববন্ধনে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মীরা অংশ নেন।
আশুগঞ্জ গোলচত্বর থেকে শুরু হয়ে মানববন্ধনটি ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর এলাকায় গিয়ে শেষ হয়। মানববন্ধন শেষে গোলচত্বরে উপজেলা যুবলীগের আহ্বায়ক জিয়াউদ্দিন খন্দকারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শাহীন আলম বকসি প্রমুখ। সমাবেশে বক্তারা হানিফ মুন্সির বিরুদ্ধে দায়ের করা মামলাটি অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান।
গত বুধবার আশুগঞ্জ বন্দর আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম বাদী হয়ে হানিফ মুন্সিকে প্রধান আসামি করে চারজনের বিরুদ্ধে থানায় চাঁদাবাজির মামলা দায়ের করেন।