আশুগঞ্জে যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার বাজার চরচারতলা গ্রাম থেকে গতকাল রোববার সকালে লাভলী আক্তার (১৮) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। লাভলীর বাবার বাড়ির লোকজনের অভিযোগ, যৌতুকের জন্য তাঁকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তবে লাভলীর শ্বশুরবাড়ির লোকজনের দাবি, তিনি আত্মহত্যা করেছেন।পারিবারিক সূত্রে জানা গেছে, আশুগঞ্জের বাজার চরচারতলা গ্রামের কুয়েত ফেরত কামরুল ইসলামের সঙ্গে একই উপজেলার লালপুর ইউনিয়নের চরলালপুর গ্রামের লাভলীর বিয়ে হয়। বিয়েতে দুই লাখ টাকা যৌতুক দেওয়া হয়। বিয়ের এক মাস পর কামরুল আবার কুয়েত চলে যান।লাভলীর বড় ভাই রাকিবুর রহমান অভিযোগ করেন, বিদেশে থাকা অবস্থায় কামরুল আরও দুই লাখ টাকা যৌতুক দাবি করেন। এই নিয়ে লাভলীর সঙ্গে শ্বশুরবাড়ির লোকজনের সম্পর্ক ভালো ছিল না। এর মধ্যে মাস তিনেক আগে কামরুল দেশে ফিরে আসেন। এরপর তিনি আবারো টাকার জন্য চাপ দিতে থাকেন। টাকা না দেওয়ায় লাভলীর ওপর নির্যাতন শুরু হয়। গত শনিবার তাঁকে ঘরে আটকে নির্যাতন করা হয়। এতেই তিনি মারা যান।রাকিবুর রহমান বলেন, ‘শনিবার সকালে লাভলী মায়ের সঙ্গে ফোনে কথা বলে। তখন সে নির্যাতনের কথা জানায় এবং দুই লাখ নিয়ে যেতে বলে।’আশুগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. ইদ্রিস জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লাভলীর কানে ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় লাভলীর বাবা হাবিবুর রহমান বাদী হয়ে কামরুল ইসলাম, তাঁর বাবা দেলোয়ার হোসেন, মা মনোয়ারা বেগম, ভাই জুনায়েদ হোসেন ও জুবায়ের হোসেনকে আসামি করে হত্যা মামলা করেছেন। এ বিষয়ে জানার জন্য গতকাল সকালে কামরুলের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। এ সময় একাধিক প্রতিবেশী জানান, ঘটনার পর থেকে কামরুলের পরিবারের লোকজন গা-ঢাকা দিয়েছে।পরে মুঠোফোনে কামরুলের ভাই জুনায়েদ হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, লাভলী বৈদ্যুতিক পাখার সঙ্গে ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন। তবে কী কারণে আত্মহত্যা করেছেন, তা তিনি জানেন না।গতকাল সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।