ব্রাক্ষণবাড়িয়ার আশুগঞ্জের তালশহর রেলস্টেশনের কাছে নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তনগর উপকূল এক্সপ্রেস ট্রেনের দুটি বগি গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে লাইনচ্যুত হয়। এ ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেলপথে ট্রেন চলাচল আড়াই ঘণ্টা বন্ধ ছিল।
আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের লোকোশেড ইনচার্জ মহসীন উদ্দিন ভূঁইয়া জানান, লাইনচ্যুত বগি দুটি উদ্ধারের জন্য আখাউড়া থেকে উদ্ধারকারী একটি ট্রেন ঘটনাস্থলে আসে। বেলা দুইটার দিকে দুর্ঘটনাকবলিত বগি দুটিসহ চারটি বগি কেটে রেখে উপকূল এক্সপ্রেস ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। ওই বগিগুলোর যাত্রীদের অন্য বগিতে তোলা হয়। পরে দুর্ঘটনাকবলিত বগি উদ্ধার করে আপ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।
তবে দুর্ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেললাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এ কারণে চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী আন্তনগর সুবর্ণা এক্সপ্রেস ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে, সিলেট থেকে ছেড়ে আসা আন্তনগর কালনী এক্সপ্রেস ব্রাহ্মণবাড়িয়ার পাঘাচং রেলস্টেশনে এবং ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্তনগর মহানগর প্রভাতী ভৈরব রেলওয়ে জংশন স্টেশনে আটকা পড়ে।