আশুগঞ্জে শতবর্ষী পুকুর ভরাট করে ভবন নির্মাণের পাঁয়তারা

পরিবেশ আইন লঙ্ঘন করে ও প্রতারণার আশ্রয় নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে উপজেলা শহরে শত বছরের একটি পুকুর ভরাট করা হচ্ছে। আজাদ মিয়া নামের স্থানীয় এক ব্যবসায়ী দুই সপ্তাহ ধরে মাটি ফেলে পুকুর ভরাটের কাজ করছেন। এ ঘটনায় এলাকাবাসী উদ্বিগ্ন হয়ে পড়েছেন। তবে আজাদ মিয়ার ছেলে রিপন মিয়া দাবি করেছেন, পুকুর নয়, কৃষিজমি হিসেবে তাঁরা তাঁদের জমি ভরাট করছেন৷
পুকুরের চারপাশের বাসিন্দারা জানান, পুকুরটির অবস্থান শহরের কেন্দ্রে। ২৮৬ শতাংশ খাসজমিতে এটি বিস্তৃত। ছয় মাস আগে তাঁরা জানতে পারেন পুকুরের ৩৫ শতাংশ জমি কৃষিজমি হিসেবে হাসেনা বেগম নামের এক নারীর কাছ থেকে উপজেলার আড়াইসিধা গ্রামের আজাদ মিয়া কিনেছেন। তাঁদের ধারণা, উপজেলা ভূমি কার্যালয়ের কতিপয় অসাধু ব্যক্তির যোগসাজশে পুকুরটির শ্রেণি পরিবর্তন করে হাসেনা বেগমকে বন্দোবস্ত দেওয়া হয়। হাসেনা বেগমকে এলাকাবাসী কখনো দেখেননি। হাসেনা ভূমিহীন কি না, তাও তাঁরা জানেন না।
এলাকাবাসী অভিযোগ করেন, প্রতারণার মাধ্যমে পুকুর ভরাট করে সেখানে বহুতল ভবন নির্মাণ করার উদ্যোগ নিয়েছেন আজাদ মিয়া। তবে সরকারি পুকুর তো দূরের কথা ব্যক্তিমালিকানাধীন হলেও পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী কেউ পুকুর ভরাট করতে পারবেন না৷ ওই আইনের ৬-এর ঙ ধারায় উল্লেখ আছে, আপাতত বলবৎ অন্য কোনো আইনে যাকিছু থাকুক না কেন, জলাধার হিসেবে চিহ্নিত জায়গা ভরাট বা অন্য কোনোভাবে শ্রেণি পরিবর্তন করা যাবে না৷
১৯ জুন দুপুরে গিয়ে দেখা যায়, ড্রেজারের মাধ্যমে মাটি ফেলে পুকুরের একটি অংশ ভরাট করা হচ্ছে। তবে ওই সময় ভরাটের সঙ্গে জড়িত ব্যক্তিদের পাওয়া যায়নি। নাসির মিয়া নামের স্থানীয় এক ব্যবসায়ী বলেন, পুকুরটি শহরের কেন্দ্রে থাকায় পরিবেশের ভারসাম্য রক্ষায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।
উপজেলা ভূমি কার্যালয় সূত্রে জানা গেছে, পুকুরটি ২৮৬ শতাংশ জায়গা জুড়ে থাকলেও রেকর্ডে পুকুর ২৩৫ শতাংশ জমিতে আছে বলে দেখানো হয়েছে৷ বাকি ৫১ শতাংশের মধ্যে ৩৫ শতাংশ জায়গা কম ফসলি জমি দেখিয়ে ১৯৮৬-৮৭ অর্থবছরে জনৈক হাসেনা বেগম নামের এক ভূমিহীনকে বন্দোবস্ত দেওয়া হয়। তৎকালীন আইন অনুযায়ী বন্দোবস্ত পাওয়া ব্যক্তি বন্দোবস্ত নেওয়ার ১৫ বছর পর ভূমিটি হাতবদল করতে পারেন। হাসেনা বেগম ওই আইনে আজাদ মিয়ার কাছে ৩৫ শতাংশ জমি বিক্রি করে দেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিউলী আক্তার বলেন, ‘বন্দোবস্ত দেওয়া ৩৫ শতাংশ জমি কম ফসলি কৃষিজমি। কিন্তু মালিক আমাদের কাছ থেকে জায়গাটি বুঝে নেননি। সীমানা নির্ধারণ না করে ভরাট শুরু করা ঠিক হয়নি। এই অবস্থায় ৩৫ শতাংশ ভরাট করা হলে পুকুরের ক্ষতি হবে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।’
পরিবেশ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের উপপরিচালক ছায়েফউল্লাহ তালুকদার জানান, পুকুর ভরাট করা আইনত দণ্ডনীয়৷ আশুগঞ্জে পুকুর ভরাটের বিষয়টি তাঁরা জানেন না৷ এ ব্যাপারে তাঁরা খোঁজ নিয়ে আইনানুগ ব্যবস্থা নেবেন৷
পুকুর ভরাট করার বিষয়ে আজাদ মিয়ার সঙ্গে যোগাযোগ করেও কথা বলা সম্ভব হয়নি৷ তাঁর ছেলে রিপন মিয়া বলেন, ক্রয়সূত্রে তাঁরা ওই ৩৫ শতাংশ জমির মালিক৷ তাঁদের কাছে বৈধ কাগজপত্র রয়েছে। পুকুর ভরাট করে বহুতল ভবন নির্মাণের বিষয়ে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান৷