আশুগঞ্জে সংঘর্ষে আহত ২৫
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের তালশহর গ্রামে গতকাল মঙ্গলবার দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। তালশহর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু সামা ও ইউপি সদস্য শহীদ মিয়ার লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয় বলে জানা গেছে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার ও আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে আবু সামা ও শহীদ মিয়ার মধ্যে বিরোধ চলছে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে এলাকায় ছোটখাটো সংঘর্ষ হচ্ছে। দুই পক্ষের লোকজনের কথাকাটাকাটির জের ধরে গতকাল সংঘর্ষ বেধে যায়। পরে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ সংঘর্ষ চলে। সংঘর্ষে উভয় পক্ষই দেশীয় অস্ত্রশস্ত্র ব্যবহার করে। খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) সঞ্জয় সরকারের নেতৃত্বে দাঙ্গা পুলিশ ও র্যাবের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ২৫ জন আহত হয়। আহত ব্যক্তিদের মধ্যে চেয়ারম্যান পক্ষের বিল্লাল মিয়াকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল ও আশুগঞ্জের বিভিন্ন ক্লিনিক থেকে চিকিৎসা নিচ্ছেন।চেয়ারম্যান আবু সামা অভিযোগ করেন, ‘আমি যাতে নির্বাচন করতে না পারি, সে জন্য প্রতিপক্ষ আমাকে ঝামেলায় জড়িয়ে মামলার আসামি করতে চাচ্ছে। সেই উদ্দেশ্যে গতকাল দুপুরে কোনো কারণ ছাড়াই শহীদ মিয়া তাঁর লোকজন নিয়ে আমার লোকজনের ওপর হামলা চালায়। আমাকে কোনো ঘটনায় জড়িয়ে ফাঁসিয়ে দিতে পারে এ আশঙ্কা করে আমি এরই মধ্যে কয়েকটি সাধারণ ডায়েরি করেছি।’ ইউপি সদস্য শহীদ মিয়াকে মুঠোফোনে পাওয়া যায়নি। তবে তাঁর সমর্থকেরা অভিযোগ করেন, চেয়ারম্যানের বিরুদ্ধে কিছু বলতে গেলেই তিনি বিভিন্নভাবে হয়রানি করেন। এ নিয়েই গতকালের সংঘর্ষের ঘটনা ঘটেছে।আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু জাফর জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। কোনো পক্ষই মামলা করেনি।