আশুগঞ্জে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে একটি মাইক্রোবাসের চালক নান্নু মিয়া (৪৫) এবং দুই যাত্রী আবুল হোসেন (৫৮) ও নিলু মিয়া (৩০) নিহত হয়েছেন। এ সময় পাঁচ যাত্রী আহত হন। ঢাকা-সিলেট মহাসড়কের বগইর এলাকায় গতকাল বুধবার ভোরে এ ঘটনা ঘটে। রনি মিয়া ও সুজন মিয়া নামের অপর দুই যাত্রীকে গুরুতর আহতাবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। নিহত ব্যক্তিদের বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ব্রাহ্মণগাঁও গ্রামে। পুলিশ সূত্র জানায়, সিলেট থেকে ঢাকাগামী মাইক্রোবাসটির সঙ্গে বিপরীতমুখী একটি ট্রাকের সংঘর্ষে নান্নু মিয়া ঘটনাস্থলেই নিহত হন। এলাকাবাসীর সহায়তায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়ার পর আবুল হোসেন মারা যান। এ ছাড়া ঢাকায় পাঠানোর পথে নিলু মিয়ার মৃত্যু হয়। নিহত আবুল হোসেনের আত্মীয় আবদুল আহাদ বলেন, আবুল হোসেনের ছোট ভাই লন্ডনে থাকেন। তাঁর গতকাল দেশে ফেরার কথা। তাঁকে আনতে শাহজালাল বিমানবন্দরে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের বলেন, ভোররাতে দুর্ঘটনার ফলে হতাহত ব্যক্তিদের উদ্ধারকাজ শুরু করতে দেরি হয়। ট্রাকচালক ও তাঁর সহযোগী পলাতক। এ ব্যাপারে মামলা হয়েছে।