আশুগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে তেলবাহী লরি ও পিকআপ ভ্যানের সংঘর্ষে দুজন নিহত এবং দুজন আহত হয়েছেন। আজ রোববার সকাল আটটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন, আনোয়ার আলী (৩৫) ও জবেদ আলী (৫৫)। আহত আলী হোসেন (৩৩) ও মইদুর আলী (৩৭) জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন। হতাহত সবার বাড়ি সরাইল উপজেলার অরুয়াইল গ্রামে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, উপজেলার সোনারামপুর এলাকায় নরসিংদীগামী একটি পিকআপ ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিলেটগামী তেলবাহী একটি লরির সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানে থাকা চার যাত্রী আহত হন। ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নেওয়ার পর দুজনের মৃত্যু হয়। লাশ দুটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
সরাইল বিশ্বরোড মোড়ের হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট জাহাঙ্গীর আলম জানিয়েছেন, লরিটি আটক করা হলেও চালককে খুঁজে পাওয়া যায়নি।